Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পাহাড়ে কাশ্মীরকে হারাল ইস্টবেঙ্গল, লিগের দরজায় কড়া বাগানের

দ্য ওয়াল ব্যুরো: আইলিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়েল কাশ্মীরের ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ৯০ মিনিট ধরেই মাঠের মধ্যে নাটক চলল। একাধিক ফাউল, তিনটে লাল কার্ড দেখা গেল। শেষ মুহূর্তে পেনাল্টিতে লাল-হলুদের জন্য মূল্যবান ৩ পয়

পাহাড়ে কাশ্মীরকে হারাল ইস্টবেঙ্গল, লিগের দরজায় কড়া বাগানের

শেষ আপডেট: 9 March 2020 10:33

দ্য ওয়াল ব্যুরো: আইলিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়েল কাশ্মীরের ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ৯০ মিনিট ধরেই মাঠের মধ্যে নাটক চলল। একাধিক ফাউল, তিনটে লাল কার্ড দেখা গেল। শেষ মুহূর্তে পেনাল্টিতে লাল-হলুদের জন্য মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে এলেন ভিক্টর পেরেজ। সেইসঙ্গে ডার্বির আগেই আইলিগ জয়ের সুযোগ চলে এল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সামনে। ঘটনাবহুল প্রথমার্ধ। কাশ্মীরের ঠান্ডাতে খেলা শুরু হলেও কয়েক মিনিটের মধ্যেই মাঠের তাপমাত্রা বেড়ে গেল বহু গুণ। দু'দলের কাছেই সমান গুরুত্বের ম্যাচ হওয়ায় কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ছিল না। ফলে মাঝেমধ্যেই মাঠের মধ্যে দু'দলের প্লেয়াররা বিবাদে জড়িয়ে পড়ছিলেন। চোরাগোপ্তা মার চলল ৯০ মিনিট ধরে। রক্তও ঝরল। এদিন জনি অ্যাকোস্টা দ্বিতীয় মরসুমের জন্য লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামলেন। তাই বিদেশি স্ট্রাইকার মার্কোসের জায়গায় শুরু থেকে ছিলেন বিদ্যাসাগর সিং। ডিফেন্সে জনি ফিরে আসায় অনেক সাবলীল দেখাচ্ছিল ইস্টবেঙ্গল রক্ষণকে। অন্যদিকে রিয়েল কাশ্মীরও নিজেদের ডিফেন্সে কাটেবে, লাভডে ও মেসন রবার্টসনকে রেখেছিল। তার সামনেই ছিলেন বাজি আর্মান্দ। দু'দলের আক্রমণের পদ্ধতি ছিল সম্পূর্ণ দু'ধরনের। একদিকে নিজেদের পায়ে বল রেখে পাস খেলে আক্রমণে উঠছিলেন জুয়ান মেরা, ভিক্টর পেরেজরা। অন্যদিকে ফরোয়ার্ড লাইনে রবিন সিংয়ের উচ্চতা ব্যবহার করে লং বলে খেলার পরিকল্পনা ছিল কাশ্মীরের। বেশি আধিপত্য ছিল অ্যাওয়ে দলেরই। জুয়ান মেরা, কোলাডোদের আটকাতে মাঝেমধ্যেই ফাউল করছিলেন কাশ্মীরের ফুটবলাররা। ফলে প্রথমার্ধেই একাধিক ফুটবলার কার্ড দেখেন। ৩৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল বক্সে প্লে অ্যাক্টিং করার জন্য দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কাশ্মীরের দানিশ ফারুখকে। ফলে এক ঘণ্টার বেশি সময় ১০ জনে খেলতে হয় কাশ্মীরকে। প্লেয়ারের আধিক্য বাড়ার পরে আক্রমণে ধার আরও বাড়ায় ইস্টবেঙ্গল। কিন্তু প্রথমার্ধে লাচেংপাকে পরাস্ত করতে পারেননি বিদ্যাসাগর সিংরা। অন্যদিকে সুযোগ পেয়েছিলেন রবিন সিং। তিনি কাজে লাগাতে পারেননি। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও একই ছবি দেখা যায়। বেশিরভাগ সময়েই বল ছিল লাল-হলুদ ফুটবলারদের পায়েই। অন্যদিকে ডিফেন্স সামলে কাউন্টারে ওঠার পরিকল্পনা নিয়েছিলেন কাশ্মীর কোচ ডেভিড রবার্টসন। ইস্টবেঙ্গল আক্রমণ বেশি করলেও সুযোগ বেশি তৈরি করতে পারছিল না। লাভডে ও কাটেবের ডিফেন্স পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল তাদের সামনে। দ্বিতীয়ার্ধে ক্রিজোকে মাঠে নামান রবার্টসন। ৬৫ মিনিটের মাথায় বিদ্যাসাগরের ভলি একটুর জন্য বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধেও মাঠের মধ্যে উত্তাপ একই ছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় রিয়েল কাশ্মীরের এক সাপোর্ট স্টাফকেও লাল কার্ড দেখান রেফারি উমেশ বোরা। ৮২ মিনিটে চেস্টারপল লিংডো সহজ সুযোগ নষ্ট করেন। দেখে মনে হচ্ছিল গোলের দরজা হয়তো খুলতে পারবে না কোনও দল। অতিরিক্ত সময়ে জুয়ান মেরাকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। স্পট থেকে গোল করেন ভিক্টর পেরেজ। ১-০ ব্যবধানে জিতেই পাহাড় ছাড়ল ইস্টবেঙ্গল। পেনাল্টির পরের দৃশ্যটা কিন্তু মোটেই ভাল দৃশ্য হয়ে থাকল না ফুটবলের জন্য। মাঠের মধ্যে ঢুকে পড়লেন সাপোর্ট স্টাফ ও দর্শকদের কেউ কেউ। সংঘর্ষে জড়ালেন দু'দলের ফুটবলাররা। লাল কার্ড দেখতে হল কাশ্মীরের হিগিনবটম ও ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিন্ডিকাকে। এদিনের জয়ের ফলে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। লিগে ছ'নম্বর থেকে দু'নম্বরে উঠে এল তারা। অন্যদিকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট খোয়ালো কাশ্মীর। ফলে ডার্বির আগেই লিগ জয়ের সুযোগ চলে এল মোহনবাগানের সামনে। আগামীকাল কল্যাণীতে আইজলকে হারাতে পারলেই দ্বিতীয় বারের জন্য আইলিগ ঢুকে যাবে গঙ্গাপাড়ের ক্লাবে।

```