পিছিয়ে থেকে রুদ্ধশ্বাস জয় ইস্টবেঙ্গলের, ডার্বি যার লিগ তার
দ্য ওয়াল ব্যুরো: পদস্খলন হতে হতে জীবন পেল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে জর্জ গোলকিপারের ভুলের খেসারত দিতে হলো রঞ্জন ভট্টাচার্য্যের দলকে। পিছিয়ে পড়েও ২-১ গোলে রুদ্ধশ্বাস জয় পেল লাল হলুদ ব্রিগেড।
খেলার শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ তোলে ইস্টবেঙ্গল। আম
শেষ আপডেট: 29 August 2018 13:24
দ্য ওয়াল ব্যুরো: পদস্খলন হতে হতে জীবন পেল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে জর্জ গোলকিপারের ভুলের খেসারত দিতে হলো রঞ্জন ভট্টাচার্য্যের দলকে। পিছিয়ে পড়েও ২-১ গোলে রুদ্ধশ্বাস জয় পেল লাল হলুদ ব্রিগেড।
খেলার শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ তোলে ইস্টবেঙ্গল। আমনার নেতৃত্বে একের পর এক ক্রস ভেসে আসতে থাকে জর্জ টেলিগ্রাফ বক্সে। কিন্তু গোলকিপার বুবাই সিংহ অসাধারণ দক্ষতায় সেই আক্রমণ প্রতিহত করেন। ইচেজোনার নেতৃত্বে মরিয়া ডিফেন্স করতে থাকে জর্জ টেলিগ্রাফ। ২৭ মিনিটের মাথায় একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে মেহতাবের শট দারুণ বাঁচান বুবাই। মাঝেমধ্যে প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করে জর্জ টেলিগ্রাফ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি মরগ্যানরা।
প্রথমার্ধে গোল না আসায় দ্বিতীয়ার্ধে শুরু থেকে যেন আরও আক্রমণাত্মক খেলা শুরু করে ইস্টবেঙ্গল। তবে মাঝেমাঝে মাঝমাঠে খেই হারিয়ে ফেলে লালহলুদ আক্রমণ। ৬১ মিনিটের মাথায় জবি জাস্টিনের ডান পায়ের জোরালো শট পোস্টে লেগে ফেরে। ৬৯ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে বিশ্বমানের গোল করে জর্জ টেলিগ্রাফকে এগিয়ে দেন জাস্টিন মরগ্যান।
এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৭৩ মিনিটে আইদারার হেড দারুণ বাঁচান বুবাই। ৭৪ মিনিটের মাথায় আমনার ঠিকানা লেখা ক্রসে দুরন্ত হেড করে সমতা ফেরান মেহতাব। ৮০ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন আইদারা। এরপরেও একের পর এক বল ভেসে আসতে থাকে জর্জ টেলিগ্রাফ বক্সে। কিন্তু জর্জ ডিফেন্ডার অসীম ও ইচেজোনা দুরন্ত ফুটবল খেললেন। গোটা ম্যাচে দুরন্ত খেলেও শেষ মুহূর্তে জর্জ গোলকিপার বুবাই সিংহের ভুলে গোল পায় ইস্টবেঙ্গল। দূর থেকে ইস্টবেঙ্গল অধিনায়ক কৌশিক সরকারের জোরালো শট বুবাইয়ের হাতে লেগে পিছলে জড়িয়ে গেল জালে।
এই জয়ের ফলে পেন্ডুলামের মতো দুলতে থাকে লিগে একই বিন্দুতে পৌঁছে গেল ইস্ট-মোহন। আর চারদিন পরেই কার্যত লিগের ফাইনালে ডার্বিতে মুখোমুখি হবে দুই প্রধান। তার আগে শেষ মুহূর্তের জয় লাইফ লাইন এনে দিল লালহলুদ ব্রিগেডকে।