নিউজিল্যান্ডের মাটিতে শচীনকে টপকানোর হাতছানি ধোনির সামনে
দ্য ওয়াল ব্যুরো : নতুন বছরের শুরুটা বেশ ভালোই হয়েছে মহেন্দ্র সিং ধোনির। অস্ট্রেলিয়ার মাটিতে পরপর তিন ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি করেছেন। দীর্ঘ আট বছর পর সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। এ বার নিউজিল্যান্ডের মাটিতেও কি দেখা যাবে ধোনি ধামাকা। আশা ক
শেষ আপডেট: 21 January 2019 22:10
দ্য ওয়াল ব্যুরো : নতুন বছরের শুরুটা বেশ ভালোই হয়েছে মহেন্দ্র সিং ধোনির। অস্ট্রেলিয়ার মাটিতে পরপর তিন ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি করেছেন। দীর্ঘ আট বছর পর সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। এ বার নিউজিল্যান্ডের মাটিতেও কি দেখা যাবে ধোনি ধামাকা। আশা করছেন ভারতীয় সমর্থকরা। কারণ কিউয়িদের দেশে শচীনকে টপকে যাওয়ার হাতছানি রয়েছে মাহির সামনে।
নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় হিসেবে সবথেকে বেশি রান রয়েছে শচীন তেণ্ডুলকরের। এই দেশে মাস্টার ব্লাস্টার করেছেন ৬৫২ রান। ১৮টি ম্যাচ এই রান করেছেন তিনি৷ দু'নম্বরে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ৷ ১২ ম্যাচে বীরুর ঝুলিতে রয়েছে ৫৯৮ রান৷ তার পরেই রয়েছেন ধোনি৷ ১০ ম্যাচে মাহির ঝুলিতে ৪৫৬ রান৷ অর্থাৎ কিউইদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১৯৭ রান করলেই শচীনকে টপকে যাবেন ধোনি৷
২০১৮ বছরটা অবশ্য ভালো যায়নি ধোনির৷ ২০টি ইনিংসে মাত্র ২৭৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে৷ ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে গত বছর ছিল ধোনির সবচেয়ে খারাপ ব্যাটিং গড়৷ সমালোচনা শুরু হয়েছিল। নিন্দুকরা বলেছিলেন, শেষ হয়ে গিয়েছেন ধোনি। তাঁকে বিশ্বকাপের দলে রাখা মানে অতিরিক্ত বোঝা বয়ে বেড়ানো। তাঁর জায়গায় নতুনদের সুযোগ দেওয়া হোক।
কিন্তু ম্যানেজমেন্টের ভরসা ছিল ধোনির উপর। অধিনায়ক বিরাট কোহলিও বারবার বলেছেন এই দলে ধোনির গুরুত্ব অনেক। অস্ট্রেলিয়া সফরে নিন্দুকদের মুখ বন্ধ করে দেয় ধোনির ব্যাটিং। প্রথমে সিডনি, তারপর অ্যাডিলেড ও সবশেষে মেলবোর্ন। তিনটি ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে ৫১, ৫৫ ও ৮৭ রান। তারমধ্যে শেষ দুটো ম্যাচে জিতিয়ে ফিরেছেন মাহি। একটা ম্যাচেও সেরা না হয়েও পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
সেই ফর্মটাই নিউজিল্যান্ডেও ধরে রাখতে চান ধোনি। তিনি জানেন, ২০১৯ সালেই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। অর্থাৎ এটাই তাঁর শেষ সুযোগ। ভারতীয় দলে এই মুহূর্তে চার নম্বর ব্যাটসম্যানের জায়গা নিয়ে পরীক্ষা চলছে। এখনও কেউ ফিক্সড হননি। মেলবোর্নে চার নম্বরে নেমে সফল হয়েছেন ধোনি। তবে কি চার নম্বরেই তিনি খেলবেন নিউজিল্যান্ডেও? যদিও ধোনি বলেছেন, দলের স্বার্থে যে কোনও পজিশনে ব্যাট করতে তিনি তৈরি।
বিশ্বকাপের আগে এই আটটা ম্যাচ ও তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে সিরিজ খেলার সুযোগ পাবে কোহলি ব্রিগেড। ধোনিও জানেন, তাঁর হাতে এই কয়েকটা ম্যাচই রয়েছে। তার মধ্যেই নিজেকে তৈরি করে ফেলতে চান মাহি। কে বলতে পারে, নিউজিল্যান্ডের মাঠেও হয়তো দেখা যাবে ভিন্টেজ মাহি। সেই সঙ্গে ভেঙে যেতেই পারে শচীনের রেকর্ডও।