দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন অজি ক্রিকেট অধিনায়ক তথা ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল ত্বকের ক্যানসারে আক্রান্ত। বৃহস্পতিবার নিজেই এ কথা স্বীকার করেছেন গ্রেগ চ্যাপেলের দাদা। তবে ধীরে ধীরে যে তিনি সুস্থ হয়ে উঠছেন, সে কথাও জানিয়েছেন ইয়ান।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে নিজের ক্যানসারের কথা জানিয়েছেন চ্যাপেল নিজেই। ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকা চ্যাপেল এ দিন বলেন, "বেশ কয়েকদিন ধরেই ত্বকের ক্যানসারে আক্রান্ত আমি। কিন্তু আগে আমি এ কথা কাউকে জানাইনি। কারণ আমি বুঝতে পারপছিলাম না, কী হতে চলেছে। গত ৫ সপ্তাহ ধরে আমার কেমোথেরাপি চলছে। এখন ঘাড় ও গলার বেশ খানিকটা অংশের ক্যানসার ঠিক হয়ে গিয়েছে। তাই এ কথা সবাইকে জানাচ্ছি আমি।"
ইয়ান চ্যাপেল আরও বলেন, "এখন আআমার অনেকটা ভালো লাগছে। হ্যাঁ, কেমোথেরাপির জন্য ত্বকের রং কিছুটা বদলেছে আর মাঝে মধ্যে ত্বকে অস্বস্তি হচ্ছে। বাকিটা ঠিকই আছে।"
প্রথমে তিনি ভেবেছিলেন তাঁর মায়ের মতো হয়তো তাঁকেও এই ক্যানসার নিয়েই কাটাতে হবে। চ্যাপেল বলেন, "আমি মাকে দেখেছি ত্বকের ক্যানসার নিয়েই চলে যেতে। তিনিও ৭০ বছর বয়সের পরেই চলে গিয়েছিলেন। আমারও বয়স এখন ৭৫। তাই আমি ভেবেছিলাম, এটাই হয়তো আমার ভবিতব্য। কিন্তু তারপর ডাক্তাররা বললেন, এটা ঠিক হয়ে যাবে।"
খেলা থেকে অবসর নেওয়ার পর ১৯৮০ সাল থেকে চ্যানেল নাইনের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন ইয়ান চ্যাপেল। ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অফ ফেমে জায়গা হয় তাঁর। সামনেই অ্যাশেজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই নাকি চ্যানেল নাইনের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেছেন, 'আপনারা চাইলে ধারাভাষ্য দিতে আমি তৈরি।'