
শেষ আপডেট: 7 January 2019 07:32
প্রথমে দক্ষিণ আফ্রিকা, তারপর ইংল্যান্ড, ভালো রান আসে পূজারার ব্যাট থেকে। কিন্তু ভালো খেললেও ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারেননি। সিরিজও হারতে হয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে সবকিছু সুদে আসলে উশুল করে নিলেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। প্রথমে অ্যাডিলেড, তারপর মেলবোর্ন আর শেষে সিডনি। তিনটি সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। সিডনিতে তো ১৯৩ রানের ম্যারাথন ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করে জয় আসে অ্যাডিলেড ও মেলবোর্নে। সিডনিতেও আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে এখানেও জয় আসত।
চার টেস্টের সিরিজে সবথেকে বেশি ৫২১ রান করেছেন পূজারা। সেইসঙ্গে সিরিজে খেলেছেন ১২৫৮ বল। রাহুল দ্রাবিড়ের ১২০৩ বল খেলার রেকর্ড ভেঙেছেন। যেখানে আইপিএল কাঁপানো লোকেশ রাহুল দশ বলও টিকতে পারছেন না, সেখানে পূজারার ব্যাটিং ক্লান্ত করে দিয়েছে অজি বোলিংকে। লিওঁ তো জিজ্ঞাসাও করেছেন, এত ধৈর্য্য কোথা থেকে পান পূজারা।
এর তাই এই জয়কে তাঁর জীবনের সবথেকে সেরা জয় বলেছেন পূজারা। সিরিজ জয় শেষে টুইটারে তিনি জানান, "অস্ট্রেলিয়ায় বেশ স্মরণীয় কয়েকটা সপ্তাহ কাটালাম। এই জয় ঐতিহাসিক। প্রতিটা মুহূর্তে দলের খেলোয়াড়রা যা পরিশ্রম করেছে, তার ফল মিলেছে। শুভেচ্ছা ও ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এটা খুব আনন্দের একটা দিন। সারা জীবন এই দিনের কথা মনে থাকবে আমার।"
https://twitter.com/cheteshwar1/status/1082144061144875009
এমনকী সাদা বলের ক্রিকেট খেলতে যে তিনিও চান, সে কথা গোপন করেননি পূজারা। কিন্তু সুযোগ মেলে না। তাই বলে আক্ষেপ নেই 'দ্য মঙ্ক'-এর। টি টোয়েন্টি সিরিজে ছিলেন না। ওয়ান ডে সিরিজেও নেই। আইপিএলেও সুযোগ মেলে না। আজ রাতেই হয়তো দেশে ফেরার বিমান ধরবেন। কিন্তু টেস্ট ক্রিকেটেই নিজের জাত চিনিয়ে দিলেন পূজারা। আর কিংবদন্তীরা কিন্তু টেস্ট ক্রিকেটকেই সবথেকে কঠিন ফরম্যাট বলে থাকেন। সেখানেই ব্যাট হাতে শাসন করলেন তিনি। বুঝিয়ে দিলেন, দলের যখনই দরকার পড়বে, তিন নম্বরে 'দ্য ওয়াল' হয়ে দাঁড়িয়ে থাকবেন তিনি, চেতেশ্বর পূজারা।