দ্য ওয়াল ব্যুরো: দিনের শুরুটা যদি হয় সৌরাষ্ট্রর জন্য, তাহলে শেষটা অবশ্যই বাংলার। পুরনো বলকে কাজে লাগালেন বাংলার পেসাররা। বিশেষ করে আকাশ দীপ সিং। সেইসঙ্গে চেতেশ্বর পূজারার অসুস্থতা সৌরাষ্ট্র শিবিরে আশঙ্কার কালো মেঘ হিসেবে দেখা দিয়েছে। প্রথম দিনের শেষে বলা যেতেই পারে অ্যাডভান্টেজ বাংলা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাত। তাঁর সিদ্ধান্ত যে কতটা সঠিক তা প্রথম সেশনেই বুঝিয়ে দেন দুই ওপেনার হার্ভিক দেশাই ও অভি বারোট। লাঞ্চ অবধি একটাও উইকেট তুলতে পারেননি বাংলার পেসাররা। রানরেট স্লো হলেও উইকেট আসছিল না।
অবশেষে লাঞ্চের পরে ৩৮ রানের মাথায় দেশাইকে আউট করে বাংলাকে প্রথম উইকেট এনে দেন শাহবাজ আহমেদ। পূজারার শরীর খারাপ থাকায় তিনে ব্যাট করতে নামেন বিশ্বরাজ জাদেজা। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল পূজারা হয়তো ভর করেছেন তাঁর ব্যাটে। বারোট ও জাদেজা দু'জনেই হাফ সেঞ্চুরি করেন। কিন্তু তখনই বাংলার ত্রাতা হয়ে দেখা দিলেন আকাশ দীপ। প্রথমে বারোট ও তারপর জাদেজাকে আউট করলেন তিনি। দু'জনেই ৫৪ করেন।
সেমিফাইনালে গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিয়ন বাসবদা নেমে ভালই খেলছিলেন। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারলেন না শেলডন জ্যাকসন। ঈশান পোড়েলের বলে আউট হন তিনি। ছ'নম্বরে ব্যাট করতে নামেন পূজারা। কিন্তু তাঁকে কখনও দেখে পুরো সুস্থ লাগছিল না। অবশেষে ২৪ বল খেলে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সাতে নামা চেতন সাকারিয়াকে আউট করেন আকাশ দীপ।
প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় সৌরাষ্টের রান ৫ উইকেটে ২০৬। বাসবদা ২৯ করে ব্যাট করছেন। আগামীকাল দ্বিতীয় দিনে পূজারা ব্যাট করতে নামবেন কিনা সেটা এখন নিশ্চিত নয়। তবে যদি নামেনও ১০০ শতাংশ ফিট হয়তো থাকবেন না। তাই বাংলা চাইবে ২৫০-র মধ্যে সৌরাষ্ট্রর প্রথম ইনিংস শেষ করে দিতে। দ্বিতীয় দিনের শুরুতে কে ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পারে সেটাই দেখার।