পুরোনো ছন্দে লুকাকু, আইসল্যান্ডকে হারিয়ে 'উয়েফা নেশনস লিগ' শুরু বেলজিয়ামের
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত ভাবে করলেও নক আউটে যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন তিনি। তারই খেসারত দিতে হয়েছিল দেশকে। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বেলজিয়ামকে। কিন্তু উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচেই জোড়া গোল করে ফের শি
শেষ আপডেট: 12 September 2018 10:30
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত ভাবে করলেও নক আউটে যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন তিনি। তারই খেসারত দিতে হয়েছিল দেশকে। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বেলজিয়ামকে। কিন্তু উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচেই জোড়া গোল করে ফের শিরোনামে তিনি, রোমেলু লুকাকু।
আগের ম্যাচে সুইসদের কাছে ৬-০ গোলে পর্যদুস্ত হওয়ার পর এ দিন শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নেমেছিল আইসল্যান্ড। শুরুতে কিছুটা প্রতিরোধও গড়েছিল তারা। কিন্তু ধীরে ধীরে খেলা ধরে নেন অ্যাজার, মার্টিন্স, দি ব্রুইনারা। ২৯ মিনিটের মাথায় বক্সের মধ্যে লুকাকুকে ফাউল করেন ইগনাসন। পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন অধিনায়ক অ্যাজার।
২ মিনিট পরেই কর্নার থেকে জোরালো হেড করেন ভিনসেন্ট কোম্পানি। কোনও মতে সেই হেড গোলকিপার হ্যালডরসন বাঁচালেও ফিরতি বলে গোল করে ব্যবধান বাড়ান লুকাকু। মাঝে মধ্যে কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি আইসল্যান্ডের খেলোয়াড়েরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ বেশি ছিল বেলজিয়ামের। ৬০ মিনিটের মাথায় থমাস মুনিয়েরের শট পোস্টে লেগে ফিরে আসে। ৮১ মিনিটের মাথায় গ্রিজ মার্টিন্সের ক্রস থেকে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও বেলজিয়ামের হয়ে তৃতীয় গোল করেন লুকাকু। বেলজিয়াম জিতে যায় ৩-০ গোলে।
এই খেলার আগে অবশ্য বন্ধুত্বমূলক ম্যাচেও স্কটল্যান্ডকে ৪-০ গোলে হারায় বেলজিয়াম। সেই খেলাতেও গোল পেয়েছিলেন লুকাকু। এই জয়ের ফলে সুইৎজারল্যান্ডের সঙ্গে এক জায়গায় পৌঁছে গেল বেলজিয়াম। অন্যদিকে পরপর দুটো ম্যাচ বড় ব্যবধানে হেরে শুরুতেই কিছুটা পিছিয়ে পড়ল আইসল্যান্ড।