দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নে শুরুটা বলে দিয়েছিল দিনটা হতে চলেছে অস্ট্রেলিয়ার। সেটাই দেখা গেল। পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির ক্যাচ ছাড়ল ভারত। তার ফল ভুগতে হল। দু'জনেই চালিয়ে খেললেন। প্রথম থেকে রানের গতি ছিল যথেষ্ট বেশি। শেষদিকে কয়েকটা উইকেট পড়ায় ২০০ পৌঁছল না স্কোর। ১৮৪ রানে থামল অস্ট্রেলিয়ার ইনিংস।
এদিন ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দীপ্তি শর্মাকে তিনটি চার মারেন হিলি। কিন্তু তার মধ্যেই ক্যাচ তুলেছিলেন। কভারে শেফালি বর্মা তা ফসকান। বেথ মুনির ক্যাচ ছাড়েন রাজেশ্বরী গায়কোয়াড়। জীবন পাওয়ার পর ভয়ডরহীন ক্রিকেট খেলা শুরু করলেন দুই ওপেনার। কোনও বোলারকেই রেয়াত করলেন না তাঁরা। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল হিলিকে। স্বামী তথা অস্ট্রেলিয়ার পুরুষ দলের পেস বোলার মিচেল স্টার্ক প্যাভিলিয়নে থাকায় যেন জোশ আরও বেড়ে গিয়েছিল তাঁর।
শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৫ করে রাধা যাদবের বলে আউট হন হিলি। ৭টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। তারপরে মেগ ল্যানিং, অ্যাশলি গার্ডনাররা অবশ্য বেশি রান পাননি। যদিও নিজের খেলা চালিয়ে যান বেথ মুনি। ৫৪ বলে ৭৮ করে নটআউট থাকেন তিনি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে চলতি বিশ্বকাপে দারুণ বল করা শিখা পাণ্ডে ৪ ওভারে ৫২ রান দেন। দীপ্তি শর্মা ২টি, পুনম পাণ্ডে ও রাধা যাদব ১টি করে উইকেট পান।
বিশ্বকাপ জিততে হলে ১৮৫ রান করতে হবে ভারতকে। টার্গেট কঠিন হলেও অসম্ভব নয়। তবে তার দায়িত্ব নিতে হবে শেফালি, স্মৃতি, জেমাইমা ও হরমনপ্রীত এই চারজনকেই।