দ্য ওয়াল ব্যুরো: খেলার মাঠে দিনে দিনে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই একের পর খেলোয়াড়ের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে একের পর এক টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। এবার স্থগিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের একাধিক ম্যাচ।
উয়েফার তরফে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের যেসব খেলা হওয়ার কথা ছিল সেগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচও রয়েছে। একই ভাবে ইউরোপা লিগের একাধিক নকআউট ম্যাচও আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই ফের এই সব খেলা হবে। এমনকি ইউরোপা লিগের জুনিয়র পর্যায়ের ম্যাচও এই মুহূর্তে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ফুটবলার ড্যানিয়েল রুগানি ও পাওলো ডিবালা। চেলসির ফুটবলার হাডসন ওডোই ও আর্সেনালের কোচ মাইকেল আর্তেতাও করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি ক্রিকেট মাঠেও থাবা বসিয়েছে এই ভাইরাস। আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বোলার কেন রিচার্ডসন।
এই পরিস্থিতিতে লা লিগা, ইতালিয়ান সিরি এ ও ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। আপাতত এপ্রিল মাস পর্যন্ত সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় এবার যুক্ত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও। ফলে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসি, রিয়েল মাদ্রিদ, জুভেন্টাস প্রভৃতি দলের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ আপাতত স্থগিত হয়ে গেল।
করোনার প্রভাব পড়েছে ভারতের খেলার দুনিয়াতেও। ইতিমধ্যেই ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে আইপিএল। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ান ডে সিরিজ বাতিল করা হয়েছে। পিছিয়ে যেতে পারে আই লিগের ডার্বি-সহ বাকি ম্যাচও। অন্যদিকে আইএসএলের ফাইনাল গোয়াতে দর্শকশূন্য স্টেডিয়ামে করা হবে বলে জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।