দ্য ওয়াল ব্যুরো: সুভাষ জমানার হয়তো অবসান হয়েই গেল। বুধবারে ইস্টবেঙ্গল অনুশীলনে এলেন না তিনি। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে টিম নিয়ে প্রথমবার অনুশীলনে নামলেন নতুন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো গার্সিয়া।
শুধু আলেজান্দ্রো নন, অনুশীলনে ছিলেন তাঁর দুই দেশওয়ালি সহকারীও। সুভাষ না এলেও এ দিনের লাল-হলুদ অনুশীলনে হাজির ছিলেন বাস্তব রায় এবং রঞ্জন চৌধুরী। প্রথমবার লাল-হলুদ জার্সিতে প্র্যাকটিসে নামলেন স্প্যানিশ ডিফেন্ডার বোরহা পেরেজও।
ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন জাতীয় শিবিরে থাকা সালাম রঞ্জন সিং। এ দিনের অনুশীলনে রক্ষণ নিয়ে আলাদা প্র্যাকটিস করাতে দেখা গেল স্প্যানিশ কোচকে। দুই দলে ভাগ করে খেলালেন ম্যাচও। তবে এফসিআই ম্যাচে খেলা ফুটবলারদের এ দিন ছুটি দিয়েছিলেন নতুন কোচ।
টানা আটবার ঘরোয়া লিগ ঘরে তোলার পর এ বার আর হয়নি। ১৫ বছর তাঁবুতে ঢোকেনি আইলিগ-ও। ফলে নতুন স্বপ্ন নিয়েই আলেজান্দ্রো জমানা শুরু হলো বলে মনে করছে ফুটবল মহল।