গড়াপেটা হয়েছিল ২০১১'র বিশ্বকাপেও! আল জাজিরার নতুন তথ্যচিত্রে শোরগোল ক্রিকেট দুনিয়ায়
দ্য ওয়াল ব্যুরো : মাস ছয়েক আগে ক্রিকেট ম্যাচে স্পট ফিক্সিং নিয়ে প্রকাশিত একটি তথ্যচিত্র শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার সেই তথ্যচিত্রের পরের অংশ প্রকাশ্যে আনল আল জাজিরা। এই তথ্যচিত্র সামনে আসার পরেই ফের হইচই পড়ে গেছে ক্রিকেট দুনি
শেষ আপডেট: 22 October 2018 17:05
দ্য ওয়াল ব্যুরো : মাস ছয়েক আগে ক্রিকেট ম্যাচে স্পট ফিক্সিং নিয়ে প্রকাশিত একটি তথ্যচিত্র শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার সেই তথ্যচিত্রের পরের অংশ প্রকাশ্যে আনল আল জাজিরা। এই তথ্যচিত্র সামনে আসার পরেই ফের হইচই পড়ে গেছে ক্রিকেট দুনিয়ায়।
সব ফর্ম্যাট মিলিয়ে পনেরোটি ম্যাচকে গড়াপেটার তালিকাভুক্ত করা হয়েছে এই রিপোর্টে। ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের কয়েকটি ম্যাচ এবং ঠিক তার পরের বছরেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের একাধিক ম্যাচেও গড়াপেটা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরার এই তথ্যচিত্র। এমনকী আইপিএল এবং বিগ ব্যাশের মত ঘরোয়া টুর্নামেন্টগুলিতে গড়াপেটার কথাও মুনাওয়ার ফাইলস’র এই রিপোর্টে প্রকাশ পেয়েছে।
'মুনাওয়ার ফাইলস’র এই তথ্যচিত্রে ২০১১ সালে লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট, কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের একাধিক ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ সামনে আনা হয়েছে। রিপোর্টে প্রকাশ ফিক্সিংয়ের ঘটনাগুলিতে বলা হয়েছে, মূলত ব্যাটসম্যানরাই বেশিরভাগ ক্ষেত্রে জড়িত ছিলেন। সবমিলিয়ে গড়াপেটা তালিকাভুক্ত ১৫টি ম্যাচে ২৬ টি স্পট ফিক্সিংয়ের কথা উঠে এসেছে তথ্যচিত্রটিতে। এই তথ্যচিত্রে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের ক্রিকেটারদের ফিক্সিং কান্ডে অভিযুক্ত করা হয়েছে।
তথ্যচিত্রর সঙ্গে একটি অডিও ফাইলও প্রকাশ্যে এনেছে আল জাজিরা। যেখানে মুনাওয়ারের সঙ্গে অজ্ঞাতপরিচয় এক ইংল্যান্ড ক্রিকেটারের ফিক্সিং ইস্যুতে কথোপকথন উঠে এসেছে। ঘটনার রিপোর্ট তলব করে আইসিসি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। পাশাপাশি গোটা ঘটনায় আল জাজিরা’র পূর্ণ সহযোগীতাও দাবি করা হয়েছে আইসিসি’র দুর্নীতি দমন শাখার তরফ থেকে।
এই ঘটনা সামনে আসার পর থেকে হইচই পড়ে গেছে ক্রিকেট দুনিয়ায়। তথ্যচিত্রে যেভাবে দাবি করা হয়েছে, সেগুলি সত্যি প্রমাণিত হলে ক্রিকেটের অনেক নামিদামী খেলোয়াড়ের নাম উঠে আসবে বলে মনে করছে ক্রিকেট মহল। কীভাবে গোটা ঘটনার তদন্ত হয়, সে দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।