
শেষ আপডেট: 23 September 2018 16:45
সরফরাজকে অবশ্য হাফ-সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠান চায়নাম্যান কুলদীপ৷ ব্যক্তিগত ৪৪ রানে বাঁ-হাতি স্পিনারের শিকার পাক অধিনায়ক৷ তার পর অাসিফ আলি ২১ বলে ৩০ রানে ঝোড়ো ইনিংস খেলে পাক ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেও আড়াইশোর গণ্ডি ছুঁতে পারেনি পাকিস্তান৷ ভারত অধিনায়ক রোহিত শর্মা এদিন ছ’জন বোলার ব্যবহার করেন৷ ভারতের সফলতম বোলার জসপ্রীত বুমরাহ৷ ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রান খরচ করে দু’টি উইকেট নেন বুমরাহ৷ দু’টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল৷ শেষ ৮ ওভারে মাত্র ৩৭ রান করতে পারে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেছেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। ১২ ওভারে বিনা উইকেটে ভারতের রান ৬২। শিখর ৪০ ও রোহিত ২১ রানে ব্যাট করছেন।
এখনও পর্যন্ত এশিয়া কাপে ১৩বার মুখোমুখি হয়েছে ‘ব্লু ও গ্রিন বিগ্রেড’৷ ৭ বার জিতেছে ভারত আর ৫ বার পাকিস্তান৷ একটি ম্যাচে কোনও রেজাল্ট হয়নি৷ শুধু তাই নয়, শেষ পাঁচবারের সাক্ষাতে চারবারই জিতেছে ভারত৷ শেষ বার ভারত এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরেছে চার বছর আগে৷ মাত্র এক উইকেটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান৷ বাকি চারবারই পাকিস্তানের বিরুদ্ধে আধিপত্য নিয়ে জিতেছে ভারত৷ চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বে ‘মেন ইন গ্রিন’-কে আট উইকেটে হারায় ‘মেন ইন ব্লু’৷
রবিবার যারা জিতবে, ২৮ সেপ্টেম্বর তাদের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত৷ এ দিন হারলে শেষ ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার রাস্তা খোলা থাকছে দু’ দলের সামনেই৷ টুর্নামেন্টে সবচেয়ে সফল দেশ ভারত৷ মোট ছ’বার খেতাব জিতেছে ভারত৷ আর মাত্র দু’বার জিতেছে পাকিস্তান৷ এই ম্যাচে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক৷ এ দিনের ম্যাচে ৯৪ রান করলে ওয়ান ডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন রোহিত শর্মা৷ ভারতের জয়ের জন্য রো-হিটের বড় রান পাওয়া অত্যন্ত জরুরি৷