দল বাড়ছে সৌরভের, অস্ট্রেলিয়ার পর সুপার সিরিজের প্রশংসায় ইংল্যান্ডও
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা তিনিই করেছিলেন। সেই পরিকল্পনা সফল হওয়ার পর এখন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন পরিকল্পনা 'ওয়ান ডে সুপার সিরিজ'। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আরও এক
শেষ আপডেট: 29 December 2019 08:34
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা তিনিই করেছিলেন। সেই পরিকল্পনা সফল হওয়ার পর এখন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন পরিকল্পনা 'ওয়ান ডে সুপার সিরিজ'। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আরও একটি দেশকে নিয়ে এই টুর্নামেন্টের পরিকল্পনা রয়েছে তাঁর। এই ব্যাপারে আগেই অস্ট্রেলিয়ার সমর্থন পেয়েছিলেন সৌরভ। এবার ইংল্যান্ডও সমর্থন করল সৌরভকে।
সম্প্রতি সুপার সিরিজ নিয়ে আলোচনা করার জন্য সৌরভ ও বোর্ডের সচিব জয় শাহ ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ( ইসিবি ) কে এই সিরিজের প্রস্তাব দিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, এই প্রস্তাবে সায় দিয়েছে ইসিবি। এমনকি এই সিরিজের ব্যাপারে আইসিসির সঙ্গেও কথা বলতে রাজি আছে ইসিবি।
এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস সৌরভের এই সুপার সিরিজের পরিকল্পনার প্রশংসা করেন। তাঁর ধারনা এই টুর্নামেন্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়াবে। যদিও এই ব্যাপারে কোনও সিদ্ধান্তের কথা তিনি জানাননি। আইসিসির সবুজ সঙ্কেতের দিকে তাকিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইসিসির তরফেও এখনও এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। প্রধান সমস্যা হচ্ছে সূচি। বর্তমানে সামনের তিন বছরের ক্রিকেট ক্যালেন্ডার তৈরি করা থাকে আইসিসির। তাই তার মাঝে নতুন করে কোনও টুর্নামেন্ট ঢোকাতে গেলে সূচিতে একাধিক বদল ঘটাতে হবে। তাতে অনেক সমস্যা রয়েছে। যদি আইসিসির মনে হয়, এই টুর্নামেন্ট আয়োজন করলে সবদিক থেকে লাভ রয়েছে, তবেই এই টুর্নামেন্টের ব্যাপারে সবুজ সঙ্কেত দেবে তারা।
ক্রিকেটকে আরও অনেক বেশি জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়েই এই টুর্নামেন্টের কথা ভেবেছেন সৌরভ। বিশ্বের সেরা চার দেশ এই টুর্নামেন্ট খেলবে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ছাড়া একটা ইন-ফর্ম দেশকে নেওয়া হবে। চতুর্থ দেশটি প্রতি বছর বদলে যেতে পারে। বাকি তিনটি দেশ একই থাকবে। ২০২১ সাল নাগাদ এই টুর্নামেন্ট শুরু হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সৌরভ। প্রথমে ভারতে শুরু হওয়ার পর প্রতি বছর রোটেশন পদ্ধতিতে বাকি দেশগুলিতে এই সিরিজের পরিকল্পনা রয়েছে সৌরভের। এই ব্যাপারে দল ভারী হচ্ছে দাদার। এখন দেখার এই ব্যাপারেও মহারাজ আইসিসির অনুমতি পান কিনা।