দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে ব্যাট হাতে তিন ম্যাচে তাঁর রান ২১৩। তবে এই মুহূর্তে টুর্নামেন্টে সর্বোচ্চ রানের সঙ্গে সঙ্গে সবথেকে বেশি ক্যাচের রেকর্ডও শিখর ধাওয়ানের দখলে।
ইংল্যান্ড থেকে ফিরে আসা যাবৎ ধাওয়ানকেই সম্পূর্ণ ভিন্ন ক্রিকেটার মনে হচ্ছে৷ চলতি এশিয়া কাপে যেমন ব্যাট হাতে চমক দেখাচ্ছেন ভারতীয় ওপেনার, ঠিক তেমনই গ্রাউন্ড ফিল্ডিংয়েও নজর কেড়েছেন ইতিমধ্যেই৷ এ পর্যন্ত এশিয়া চলতি কাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী ধাওয়ান বাংলাদেশের বিরুদ্ধে সুপার-ফোর’এর ম্যাচে নতুন পালক যোগ করলেন নিজের মুকুটে৷ বিরল নজির গড়ার পথে শিখর বসে পড়লেন শচীন, দ্রাবিড়, গাভাসকারদের মতো কিংবদন্তিদের সঙ্গে একাসনে৷
তবে ব্যাট হাতে নয়, দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ধাওয়ান ছুঁয়ে ফেলেন শচীনদের এক অনবদ্য ফিল্ডিং রেকর্ড৷ গোটা ইনিংসে তিনি মোট চারটি ক্যাচ ধরেন৷ প্রথমে বুমরাহর বলে স্লিপে ওপেনার নাজমুল হোসেনের ক্যাচ ধরেন তিনি৷ পরে জাদেজার বলে স্কোয়ার লেগে শাকিবের এবং শেষ দিকে বুমরাহর বলেই মেহেদি হাসান ও মুস্তাফিজুরের ক্যাচ তালিবন্দি করেন শিখর৷ উইকেটকিপার ছাড়া একই ওয়ান ডে ইনিংসে চারটি ক্যাচ ধরা সপ্তম ভারতীয় ক্রিকেটারে পরিণত হন তিনি৷
গাভাসকর ১৯৮৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে শারজায়, আজহার ১৯৯৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টরন্টোয়, তেণ্ডুলকর ১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ঢাকায়, দ্রাবিড় ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টরন্টোয়, কাইফ ২০০৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জোহানেসবার্গে এবং লক্ষ্মণ ২০০৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে পার্থে একই ওয়ান ডে ম্যাচে চারটি করে ক্যাচ ধরেন৷
উইকেটকিপার ছাড়া কোনও ফিল্ডারের একটি ওয়ান ডে ইনিংস বা ম্যাচে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের নামে৷ ১৯৯৩ সালে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫টি ক্যাচ ধরেছিলেন তিনি৷