দ্য ওয়াল ব্যুরো: একদিকে ভারতের মেয়ে, অন্যদিকে পাকিস্তানের বউমা। তাই ভারত-পাক ম্যাচ হলেই তিনি পড়েন জাঁতাকলে। ভারতকে সমর্থন করলে পাকিস্তানের দেওররা রাগ করে। আবার পাকিস্তানকে সমর্থন জানালে সেখানে পাকাপাকিভাবে চলে যাওয়ার পরামর্শ মেলে। আর তাই বুধবার ভারত-ম্যাচ ম্যাচের আগে এক অভিনব পরিকল্পনা নিলেন সানিয়া মির্জা।
এমনিতেই কয়েকদিন পরে মা হতে চলেছেন সানিয়া। তাই এই মুহূর্তে টেনিস থেকে অনেক দূরে তিনি। তবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় 'বেবি বাম্প'সহ দেখা মেলে তাঁর। বেশিরভাগ সময় সঙ্গে থাকেন স্বামী শোয়েব মালিক। আগে ভারত-মাক ম্যাচ হলে সোশ্যাল মিডিয়ার উত্তাপ চেটেপুটে নিতেন সানিয়া। নেটিজেনদের সঙ্গে তাঁর তর্কাতর্কি মাতিয়ে রাখত সোশ্যাল মিডিয়াকে। কিন্তু এই মুহূর্তে হয়তো আর এই ধকলের মধ্যে যেতে চাননি তিনি।
তাই বুধবার খেলার শুরু হওয়ার আগেই নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে কয়েক দিনের জন্য সরিয়ে নিয়েছেন সানিয়া। অর্থাৎ তাঁর সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলি ডি-অ্যাক্টিভ করা আছে এই মুহূর্তে। তবে তার আগে নেটিজেনদের উপদেশ দিয়ে যেতে ভোলেননি টেনিস সুন্দরী। অনুরাগীদের গেম স্পিরিটের কথা স্মরণ করিয়ে দিয়ে নিজের টুইটারে তিনি লিখলেন, ‘ম্যাচ শুরু হতে ২৪ ঘন্টার চেয়েও কম সময় বাকি। সোশ্যাল মিডিয়ার বোকা লোকজনদের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এটাই সঠিক সময়। সমালোচনা বা ট্রোল এইসময় একজন সন্তানসম্ভবাকে আরও দুর্বল করে দিতে পারে। তাই এই সময় একা থাকাই ভাল। তবে মনে রাখবেন এটা শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ।’
https://twitter.com/MirzaSania/status/1042142755407814656
স্বভাবতই সানিয়ার টুইটার ঘিরে শোরগোল শুরু হয়েছে ইতিমধ্যেই। ঘটনায় সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিকটা সামনে এল আরও একবার। এর আগে পাক মুলুককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে রোষের মুখে পড়তে হয়েছিল সানিয়াকে। যদিও দক্ষ হাতেই সেই ঘটনা সামাল দিয়েছিলেন তিনি। প্রত্যুত্তরেই ওই সমালোচকের মুখ বন্ধ করেছিলেন বেগম মির্জা।