
শেষ আপডেট: 11 September 2018 05:07
ইংরেজ অধিনায়ক এ দিন তাঁর টেস্ট কেরিয়ারের চতুর্দশ সেঞ্চুরিটি করেন৷ শেষ পর্যন্ত ১২৫ রানে থামে রুটের লড়াই৷ কুক ও রুট দু’জনকেই প্যাভিলিয়নের রাস্তা দেখান অভিষেককারী হনুমা বিহারী৷ অভিষেক টেস্টে ব্যাট ও বল হাতে সফল ভারতের এই তরুণ তুর্কী৷ প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরির পর বিহারী বল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তুলে নেন তিনটি উইকেট৷
দ্বিতীয় ইনিংসে ৪৬৪ রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে মাত্র ২ রানে তিনটি উইকেট হারায় ভারত৷ জেমস অ্যান্ডারসনের বলে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান৷ কোনও রান করার আগে জিমির বলেই এল.বি.ডাবলু হয়ে মাঠ ছাড়েন চেতেশ্বর পূজারা৷ রানের খাতা খুলতে পারেননি ভারত অধিনায়ক বিরাটও৷ ব্রডের বলে আউট হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন ক্যাপ্টেন কোহলি৷ লোকেশ রাহুল এবং অজিঙ্ক রাহানে লড়াই না করলে আরও খারাপ অবস্থা হতে পারত ভারতের ব্যাটিং লাইন আপের৷ চতুর্থ দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে ‘মেন ইন ব্লু’৷ ৮টি চারের সাহায্যে ৫১ বলে অপরাজিত ৪৬ রান করে খেলছেন রাহুল৷
কিন্তু এখনও একটা গোটা দিন পড়ে রয়েছে ব্রিটিশ বোলারদের জন্য। দরকার মাত্র ৭ টা উইকেট। কোহলি ও পূজারা আউট হয়ে যাওয়ায় ভারতের ব্যাটিংয়ের প্রধান দুই স্তম্ভ পড়ে গিয়েছে। বাকি ৭ ব্যাটসম্যান কতক্ষণ এই ইংরেজ বোলিং সামলাতে পারে সেটাই এখন দেখার।