
শেষ আপডেট: 9 September 2018 19:19
শেষ উইকেটের ৩২ রানের পার্টনারশিপে বুমরাহ একটিও রান যোগ করতে পারেননি৷ সবটাই আসে জাদেজার ব্যাট থেকে৷ বুমরাহ খাতা খোলার আগেই রানআউট হন৷ জাদেজা অপরাজিত থাকেন ব্যক্তিগত ৮৬ রানে৷ ১৫৬ বলের ইনিংসে তিনি ১১টি চার ও একটি ছক্কা মারেন৷
দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের চায়ের বিরতিতে বিনা উইকেটে ২০ রান তোলে৷ দিনের শেষ সেশনে দু’উইকেট হারাতে হলেও স্কোর বোর্ডে আরও ৯৪ রান যোগ করে ইংল্যান্ড৷ ওপেনার জেনিংসকে অনবদ্য ইনসুইংগারে বোল্ড করেন শামি৷ জেনিংস শামির ভিতরে আসা বলে জাজমেন্ট দিয়ে আউট হন৷ আউট হওয়ার আগে ৩৮ বলে ১০ রান করেন তিনি৷
মঈন আলি তিন নম্বরে ব্যাট করতে নেমে ২০ রান করে জাদেজার শিকার হন৷ দিনের বাকি সময়ে কুকের সঙ্গে জুটি বাঁধেন দলনায়ক রুট৷ তৃতীয় উইকেটের জুটিতে ইতিমধ্যেই ৫২ রান যোগ করেছেন দু’জনে৷ কুক ৪৬ ও রুট ২৯ রানে ব্যাট করছেন৷
তৃতীয় দিনের শেষে ২ উইকেটে ১১৪ রান করেছে ইংল্যান্ড। এগিয়ে আছে ১৫৪ রানে। এর মধ্যেই উইকেটে ফাটল ধরা শুরু হয়েছে। চতুর্থ ইনিংসে মোটেই ব্যাট করা সোজা হবে না এই উইকেটে। তাই চতুর্থ দিন ভারতীয় বোলাররা চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ড দলকে আউট করা। অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য থাকবে এই টেস্টকেও ভারতের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া। তবে তৃতীয় দিনের শেষে সার্বিকভাবে চালকের আসনে ইংল্যান্ড। মিরাকল না হলে এই টেস্টে বিরাট বাহিনীর ফিরে আসার রাস্তা নেই বললেই চলে।