দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মোট ৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন টোকিও অলিম্পিকে। এয়ার রাইফেল, ফ্রিস্টাইল সাঁতার, ৪০০ মিটার দৌড়ের পাশাপশি পুরুষ ও মহিলা একক আর্চারিতে অংশ নিচ্ছেন দুজন। মূলত আর্চারির সিঙ্গলসেই এবার পদকের আশা করছে ঢাকা। অতীতে কখনও অলিম্পিক পদক আসেনি বাংলাদেশে।
এক নজরে দেখে নিন কোন ইভেন্টে কারা অংশগ্রহণ করছেন-
১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ বিভাগে অংশ নেবেন আব্দুল্লাহ হেল বাকি।
মহিলা ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে অংশ নেবেন যথাক্রমে জুনায়না আহমেদ এবং আরিফুল ইসলাম।
আর্চারিতে মহিলা একক ও পুরুষ এককে অংশ নিচ্ছেন যথাক্রমে দিয়া সিদ্দিকী এবং রোমান সানা।
অ্যাথলেটিক্সের পুরুষ বিভাগের ৪০০ মিটার দৌড়ে অংশ নেবেন মোহাম্মদ জহির রায়হান।
রোমান সানা ও দিয়া সিদ্দিকী
মূলত আর্চারিতেই বাংলাদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশন এবারে একটা পদকের আশা করছে। রোমান, দিয়াদের নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবারের স্লোগান ঠিক করেছে- নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা।
এখনও পর্যন্ত আর্চারির ছয়টি বিশ্বকাপে খেলা রোমান সানা বিশ্ব র্যাংকিংয়ে আর্চারদের মধ্যে ২৫তম স্থানে আছেন। রিকার্ভ ইভেন্টে বিশ্ব র্যাংকিংয়ের দশম স্থানে আছেন সানা। ২০১৯ সালে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারির রিকার্ভ ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।
২০২১ সালের মে মাসে সুইজারল্যান্ডে দিয়া সিদ্দিকীর সাথে ওয়ার্ল্ড স্টেজ-২ তে রোমান সানা, দ্বৈত ক্যাটাগরিতে রুপো জেতেন।
সব মিলিয়ে আর্চারিতে এবার সুযোগ রয়েছে বাংলাদেশের প্রথম অলিম্পিক পদক জয়ের।