
ক্রিস্টোফার লাক্সন
শেষ আপডেট: 20 March 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: বল করছেন কপিল দেব। আর স্লিপে দাঁড়িয়ে কোনও দুঁদে ভারতীয় ক্রিকেটার নন। তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। আর এই খেলা জমে উঠল মুম্বইয়ের ওয়াংখেড়ে কিংবা অকল্যান্ডের ইডেন পার্কে নয়, দিল্লির রাস্তায়। সম্প্রতি ভারত সফরে এসে কূটনৈতিক আলাআপ-আলোচনার ফাঁকে এভাবেই ক্রিকেটে মজলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
পেশাদার-অপেশাদার মিলিয়ে চারজন ‘ক্রিকেটার’ দু’দলে ভাগ হয়ে এদিন খেলায় মেতে ওঠেন। একদিকে কপিল দেব-লাক্সন। অন্যদিকে আজাজ প্যাটেল-রস টেলর। যিনি ২০২২ সালের এপ্রিলে ক্রিকেটের ময়দান থেকে অবসর নেন। ইনস্টাগ্রামে এই খেলার একটি ভিডিও আপলোড করেন কিউয়ি প্রধানমন্ত্রী। যেখানে চারজনের পাশাপাশি এলাকার বেশ কয়েকজন খুদে ভক্তকেও যোগ দিতে দেখা যায়।
যদিও এই গোটা আয়োজনের কেন্দ্রে ছিলেন একজনই—ক্রিস্টোফার লাক্সন। স্লিপে দাঁড়িয়ে কপিলের বলে দুই ব্যাটসম্যানের ক্যাচ ধরেন তিনি। আউট হওয়ার পর হতবাক চোখে চেয়ে থাকেন টেলর ও প্যাটেল। পরে খুদে অনুরাগীদের সঙ্গে ছবি তোলার পর তা ইন্সটায় আপলোড করে লাক্সন লেখেন, ‘ভারতে দাঁড়িয়ে কিউয়িদের জেতানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।‘ এ ছাড়াও ম্যাচের বেশ কিছু মুহূর্তের ছবিও তিনি তাঁর এক্স-হ্যান্ডেলে শেয়ার করেন।
উল্লেখ্য, গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন লাক্সন। দু’দেশের কূটনৈতিক বেশ কিছু বিষয় আলোচনায় উঠে আসে। যদিও খবরের শিরোনামে ছিল একটিই ইস্যু—লাক্সনের রসিকতাভরা সাংবাদিক বৈঠক। যেখানে মজার ঢঙে তিনি বলেন, ‘আমি সত্যিই এটা দেখে খুবই আপ্লুত যে, প্রধানমন্ত্রী মোদী ভারতের হাতে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারের বিষয়টি তোলেননি। পাশাপাশি আমিও ভারতের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ জেতার ঘটনা আলোচনায় আনিনি। বিষয়টা না হয় এখানেই থেমে থাক। তাতে দু’পক্ষেরই মঙ্গল। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এড়ানো যাবে।‘
উল্লেখ্য, সম্প্রতি দুবাইয়ের ময়দানে নিউজিল্যান্ডকে পরাজিত করে টিম ইন্ডিয়া। জিতে নেয় চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপ স্টেজের লড়াইয়েও কিউয়ি বাহিনী রোহিত, বিরাটদের হাতে পরাস্ত হয়েছিল। অন্যদিকে গত বছর অক্টোবর মাসে ভারতকে দেশের মাটিতে ৩-০-তে টেস্ট সিরিজ হারিয়ে হোয়াইটওয়াশ সেরে দেশে ফেরে নিউজিল্যান্ড টিম। লাক্সন তাঁর বক্তব্যে এই দুই জয়-পরাজয়ের অনুষঙ্গই তুলে ধরেন।