
শেষ আপডেট: 5 February 2024 08:01
দ্য ওয়াল ব্যুরো: নিশ্চিত হয়ে গেল ২০২৬ ফিফা বিশ্বকাপের ভেন্যু। উত্তর আমেরিকার তিন দেশ একসঙ্গে আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো ও কানাডা আয়োজন করবে ২০২৬ বিশ্বকাপ। মোট ১৬টি শহরে ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোয়। আর ফাইনাল হবে আমেরিকার নিউ জার্সিতে। শেষমুহূর্তে ডালাসকে টপকে ফাইনাল ছিনিয়ে নিয়েছে নিউ ইয়র্ক।
বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোতে। হোমগ্রাউন্ড আজতেকা স্টেডিয়ামে নামবে মেক্সিকো। আর ফাইনাল হবে নিউ জার্সিতে।
২০২৬ ফিফা বিশ্বকা আড়েবহরে বাড়ছে। এতদিন ৩২টি টিম নিয়ে হত ফিফা বিশ্বকাপ। ২০২২-এ কাতার বিশ্বকাপেও খেলেছে ৩২টি দল। কিন্তু ২০২৬ বিশ্বকাপে দল বাড়িয়ে করা হচ্ছে ৪৮। যার ফলে সময়ও বেড়ে যাবে অনেকটা।
???????? The #FIFAWorldCup 26 final is headed to New York New Jersey!#WeAre26
— FIFA World Cup (@FIFAWorldCup) February 4, 2024
৮০টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচ হবে কানাডায়, ১০টি মেক্সিকোয় এবং বাকি ৬০টি ম্যাচ হবে আমেরিকায়। ফাইনাল খেলা হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যেটা এনএফএল-এর দল নিউ ইয়র্ক জায়ান্টস ও নিউ ইয়র্ক জেটসের হোম গ্রাউন্ড। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে যেখানে ১৯৭০ সালে সেখানেই ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, পেলে জিতেছিলেন তাঁর তৃতীয় বিশ্বকাপ। এই স্টেডিয়ামেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে সেরার সেরা হয়েছিলেন মারাদোনা। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে মোট ১৭টি ম্যাচ হয়েছে মেক্সিকোর এই স্টেডিয়ামে।
২০২৬ বিশ্বকাপে আমেরিকারই আধিপত্য থাকছে। এর আগে ১৯৯৪ সালে বিশ্বকাপের আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল। কানাডা এর আগে কখনও বিশ্বকাপের আয়োজন করেনি। তবে এবার আমেরিকা, মেক্সিকো ও কানাডা একযোগে বিশ্বকাপের দায়িত্ব পেয়েছে।