1.png)
যশপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্ধানা
শেষ আপডেট: 22 April 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: দুই ভারতীয় ক্রিকেটারের (Indian Cricket) তাজে যুক্ত হল নতুন পালক। ক্রিকেটের বাইবেল (Bible of Cricket) হিসাবে পরিচিত উইজডেন (Wisden)। আর উইজডেনের স্বীকৃতি পাওয়াকে বিশেষ সম্মানের চোখে দেখা হয়। উইজেডেনের বিচারে ২০২৫ সালের (2025) সেরা পুরুষ ক্রিকেটার (Male Cricketer) নির্বাচিত হয়েছেন যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহিলাদের সেরা (Female Cricketer) হয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। মঙ্গলবার উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে এই খবর প্রকাশ করা হয়। এই স্বীকৃতির আনুষ্ঠানিক নাম ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ (Wisdens Leading Cricketer in the world)।
২০২৪ সালে একটি অনন্য রেকর্ড গড়েন বুমরাহ। টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসাবে ২০-এর কম গড়ে ২০০ উইকেট নেন এই ভারতীয় পেসার। গত বছর ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়েছিলেন বুমরাহ। সেই সঙ্গে গত জুনে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও বড় অবদান ছিল এই পেসারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ১৮ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট নেন বুমরা।
এদিকে সেরা মহিলা ক্রিকেটারের সম্মান পাওয়া ভারতীয় মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা গত বছর তিন সংস্করণ মিলিয়ে মেয়েদের ক্রিকেটে ১৬৫৯ রান করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে কোনও মহিলা ক্রিকেটারের এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি, যেটিও একটি রেকর্ড। গত জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভারতের ১০ উইকেটের জয়ে ১৪৯ রানের ইনিংসও খেলেন মান্ধানা।
পাশাপাশি উইজডেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরানকে লিডিং টি–টোয়েন্টি ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছে। সেই সঙ্গে বছরের সেরা পারফরম্যান্সের জন্য উইজডেন ট্রফি উঠেছে কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনারের হাতে। গত বছর অক্টোবরে পুণেতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ১১৩ রানের জয়ে ১৩ উইকেট নেন স্যান্টনার। এতে নিউজিল্যান্ড তিন টেস্টের সেই সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর হোয়াইটওয়াশও করেছিল ভারতকে। ২০১২ সালের ডিসেম্বরের পর সেটা ছিল ঘরের মাঠে ভারতের প্রথম সিরিজ হার।