
শুভ জন্মদিন সার্জিও রামোস । ফাইল ছবি
শেষ আপডেট: 30 March 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো: যে ক্লাবের হয়ে খেলেছেন দীর্ঘ ১৮ বছর। যে ক্লাব তাঁকে বিখ্যাত বানিয়েছে, কিংবদন্তি তকমা এনে দিয়েছে, তাদের বিরুদ্ধে খেলে সাফল্য পেলেও স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। শনিবার ৩০ মার্চ তাঁর জন্মদিন, সার্জিও পার করলেন ৩৮টি বসন্ত।
সার্জিও রামোস মানে ইতিহাস, তিনি রিয়ালের সুব্রত ভট্টাচার্য। মোহনবাগানে যেমন দীর্ঘ ১৬ বছর খেলেছিলেন বাবলু, তেমনি আরও দু’বছর বেশি খেলেছেন এই নামী ডিফেন্ডার। যিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘আমি কোনওদিন অর্থের কথা ভেবে ফুটবল খেলিনি। খেলার আনন্দে খেলেছি। এবারও আমি পিএসজি ছাড়ার পরে বহু ক্লাব আমাকে মাসে দুই কোটি ইউরো প্রস্তাব দিয়েছিল, তাও আমি ছোটবেলার ক্লাব সেভিয়াতে যোগ দিয়েছি।’’
সেভিয়া তাঁর শৈশবের ক্লাব। সেই ক্লাবের হয়ে খেলে রিয়াল মাদ্রিদকে আটকে দিয়েছেন, যাদের হয়ে তারকাখ্যাতির চূড়া স্পর্শ করেছেন তিনি। খেলার ফল হয়েছে ১-১।
সেভিয়ার সঙ্গে র্যামোসের চুক্তি আপাতত এক বছরের। পরে তা বাড়ানো হতেও পারে। সেভিয়ার হয়ে জীবন শুরু করলেও রিয়াল মাদ্রিদ পরিচিতি দিয়েছে তাঁকে। এই মাদ্রিদের হয়েই ৬৭১টি ম্যাচে ১০১ টি গোল করেছেন এই ডাকাবুকো ডিফেন্ডার।
সার্জিও রামোস চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারবার, লা লিগা পাঁচবার। দেশের জার্সিতে জিতেছেন বিশ্বকাপও। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিস সাঁ জাঁতে (পিএসজি) যোগ দেন তিনি। প্যারিসের বিখ্যাত ক্লাবের হয়ে দু’ বার ফরাসি লিগও জেতেন। স্পেনের জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন আগেই।
স্প্যানিশ লা লিগার ম্যাচে দুটি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৭৮ মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় সেভিয়া। মার্কোস আকুনার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন অস্ট্রিয়ান ডিফেন্ডার। ধাক্কা সামলে অবশ্য চার মিনিট পরই দানি কারভাহালের গোলে সমতায় ফেরে রিয়াল। ডান দিক থেকে টনি ক্রুসের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার।
রিয়ালকে আটকে দিয়ে পয়েন্ট পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন রামোস। পাশাপাশি পুরনো ক্লাবের বিপক্ষে খেলতে নামার অনুভূতি জানান। তিনি বলেন, ‘‘দৃঢ়তা ও নিজেদের জাত চিনিয়ে একটি পয়েন্ট অর্জন করেছি। দল ও সমর্থকরা নিজেদের সর্বোচ্চ দিয়েছে। এভাবেই সামনে এগিয়ে যেতে হবে। রিয়াল মাদ্রিদ, তোমার সঙ্গে আবার দেখা হওয়া আমার জন্য বিশেষ কিছু।’’