
বিয়ের আসরে নীরজ চোপড়া
শেষ আপডেট: 23 January 2025 15:33
দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর সেটা হল ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়ার বিয়ে। ইতিমধ্যে অলিম্পিকের আসরে তিনি জ্যাভেলিন থ্রো করে ২ বার ভারতকে পদক জিতিয়েছেন। গত ১৯ জানুয়ারি তিনি আচমকাই সোশ্য়াল মিডিয়ায় নিজের বিয়ের খবর শেয়ার করেন। এই খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশ কার্যত হতবাক হয়ে যায়। দুই পরিবারের উপস্থিতিতে ডেস্টিনেশন ওয়েডিং করেন নীরজ চোপড়া এবং হিমানী মোর।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইতিমধ্যে সেই ছবি শেয়ার করেছেন নীরজ চোপড়া। নীরজের পাশাপাশি তাঁর স্ত্রী হিমানী মোরকে শুভেচ্ছা জানিয়েছেন সমর্থকরা। পাশাপাশি সকলের নজর পড়েছে আরও একটা জিনিসের উপরে। আর সেটা হল নীরজ চোপড়ার হাতঘড়ি। এই ঘড়ি যে তাঁর স্টাইল স্টেটমেন্ট অনেকটাই সমৃদ্ধ করেছে, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আসুন, 'সোনার ছেলে' নীরজ চোপড়ার এই হাত ঘড়ির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিয়ের দিন নীরজ এবং হিমানী একই রংয়ের পোশাক পরেছিলেন। দুজনেই বেছে নেন প্যাস্টেল পিঙ্ক কালার। হিমানীকে লেহঙ্গায় যেমন খুব সুন্দর দেখতে লাগছিল, তেমনই নীরজকেও শেরওয়ানিতে রাজপুত্রের থেকে কোনও অংশে কম লাগছিল না। নীরজ গোলাপি রংয়ের শেরওয়ানির সঙ্গে ম্য়াচিং শাল এবং সাদা রংয়ের পাজামা পরেছিলেন। দুজনকেই এককথায় অসাধারণ লাগছিল।
নীরজ তাঁর জীবনের এই বিশেষ দিনে সুইস ব্র্যান্ডের সোয়েচ ঘড়ি পরেছিলেন। এই ঘড়ির দাম যেমন মধ্যবিত্তের নাগালের মধ্যে, ঠিক তেমনই যথেষ্ট স্টাইলিশ। নীরজের এই হাত ঘড়িটা সোয়েচ ওমেগা মিশন টু প্লুটো ওয়াচ ব্র্যান্ডের বায়োসেরেমিক মুনসোয়াচ কালেকশনের অন্তর্গত।
দ্য ইন্ডিয়ান হরোলজি নামের একটি ইনস্টাগ্রাম পেজে এই ঘড়িটার দাম উল্লেখ করা হয়েছে। এই পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এমন বিলাসবহুল হাতঘড়ির দাম ২৬০ ডলার জানানো হয়েছে। ভারতীয় মুদ্রায় এই ঘড়ির দাম মাত্র ২২,৫০০ টাকা।