
শেষ আপডেট: 4 April 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো: আবারও কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কীর্তি ফাঁস। এর আগে বিদেশি ক্রিকেটার ডেভিড ওয়াইজ জানিয়েছিলেন, নাইট কোচ বিদেশি ক্রিকেটারদের ওপর জোর খাটানোর চেষ্টা করেন।
শুধু তাই নয়, ওই ব্রিটিশ ক্রিকেটার আরও বলেন, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য চাপ দেন বিদেশিদের। সেই নিয়ে একটা সময় সমস্যাও সৃষ্টি হয়েছিল।
এবার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত নিয়ে মুখ খুলেছেন আরও এক প্রাক্তন নাইট তারকা। নারায়ণ জগদীশান নামে এক ব্যাটার বলেছেন, কোচ পণ্ডিত একবার আমাদের দলের বোলার বরুণ চক্রবর্তীর হাতের জামা কেটে দিয়েছিলেন। একদিন নেটে দলের সকল ক্রিকেটারকে কোচ বলেছিলেন, গেঞ্জি হাতা টি শার্ট পরে আসতে, বরুণ সেটি ভুলে ফুলহাতা টি শার্ট পরে এসেছিলেন। তারপর বরুণকে হোটেলের ঘরে নিয়ে গিয়ে একটা আস্ত জামার হাতা কাটিয়ে দিয়েছিলেন। সেই নিয়ে বরুণ কোনও প্রতিক্রিয়া দেখায়নি। এই নিয়ে অবশ্য নাইট দলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
নাইট কোচ যে কঠোর, শৃঙ্খলাপরায়ণ, সেটি ঘরোয়া ক্রিকেটে সর্বজনবিদিত বিষয়। ওয়াইজ অবশ্য বলেছিলেন, কোচ মিলিটারি মেজাজে দল পরিচালনা করেন। যা দলের অনেকেই পছন্দ করে না। সেই নিয়ে অবশ্য আন্দ্রে রাসেল জানান, একেকটি কোচের একেকরকম ওয়ার্ক কালচার। যে কোচই হোন না কেন, তাঁকে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে।