.jpg)
ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার নাওরেম মহেশ সিং
শেষ আপডেট: 26 February 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি একেবারে ভাল জায়গায় নেই। বুধবার (২৬ ফেব্রুয়ারি) হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। টানা দুটি ম্যাচ জিতে দলটার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। আপাতত জয়ের হ্যাটট্রিকের দিকে তাকিয়ে রয়েছে অস্কারবাহিনী। মহমেডান এবং পঞ্জাবকে হারিয়ে বেশ চনমনে লাগছে ইস্টবেঙ্গলকে। যদিও আপাতত তাদের সামনে প্লে-অফের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে, বলা যেতে পারে।
তবে এই ম্যাচে একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার নাওরেম মহেশ সিং। হায়দরাবাদের বিরুদ্ধে যদি তিনি গোল করতে পারেন, তাহলে টানা তিনটে ম্যাচে এই ভারতীয় ফুটবলারের পা থেকে গোল বেরিয়ে আসবে। ইতিপূর্বে, এই রেকর্ড গড়েছেন সাউল ক্রেসপো এবং ক্লেইটন সিলভা। এই পরিস্থিতিতে বুধবারের ম্যাচে নাওরেম মহেশ গোল করতে পারেন কি না, সেদিকেই আপাতত সবাই তাকিয়ে রয়েছে।
প্রসঙ্গত, ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হচ্ছে। আপাতত অস্কারের দল ২১ ম্যাচ থেকে মাত্র ২৬ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। এই পরিস্থিতিতে আগামী তিনটে ম্যাচও যদি তারা জিততে পারে, তাহলও ৩৫ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে থাকা মুম্বই সিটি এফসি-র (৩২) থেকে মাত্র ৩ পয়েন্ট বেশি। যদিও মুম্বইও ইস্টবেঙ্গলের সমসংখ্যক ম্যাচই খেলেছে।
অন্যদিকে, হায়দরাবাদ এফসি-ও আপাতত খুব একটা ভাল জায়গায় নেই। শেষ পাঁচটা ম্যাচের মধ্যে তারা দুটো করে জিতেছে এবং হেরেছে। আপাতত পয়েন্ট টেবিলে তারা ১২ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। ২১ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ১৭ পয়েন্ট। এই পরিস্থিতিতে বুধবারের ম্যাচে জয় ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই ইস্টবেঙ্গলের সামনে। এখন এটাই দেখার যে তারা কেমন পারফরম্যান্স করে।