
নায়ার-বুমরাহর মধ্যে উত্তেজনা
শেষ আপডেট: 14 April 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর ২০১৬, ভারতীয় ক্রিকেটে (IPL 2025) শুরু হয়েছে এক তরুণ ব্যাটারকে নিয়ে তুমুল আলোচনা। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে পঞ্চম টেস্টে অভিষেক ঘটে মিডল অর্ডার ব্যাটার করুণ নায়ারের (Karun Nair)। আর অভিষেকেই চমক। ব্যাট থেকে এল দুরন্ত অপরাজিত ৩০৩ রানের ইনিংস। বীরেন্দ্র সেওয়াগের (Birendra Swewag) পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ত্রিশত রানের ইনিংস খেললেন ভারত। অভিষেকেই তারকা করুণ। যোধপুরে জন্ম নেওয়া তরুণকে ঘিরে স্বপ্ন দেখেত শুরু করে গোটা দেশ। কিন্তু শুরুটা যে ভাবে হয়েছিল, সেটা দীর্ঘস্থায়ী হল না। জাতীয় দল থেকে বাদ পড়লেন করুণ। এরপর ২০২৫ সাল। এর মধ্যে ভারত মহাসাগর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কাট টু- করুণ নায়ার পার্ট ২।
বলেছিলেন একটা সুযোগ চাই। আইপিএলে তাঁকে নিলাম থেকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম চার ম্যাচে জায়গা হয়নি। অবশেষে হল পঞ্চম ম্যাচে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আর সেই সুযোগকে চেটেপুটে উপভোগ করলেন করুণ। দলকে না জেতাতে পারলেও ফের চায়ের কাপে তুফান উঠেছে তাঁকে নিয়ে। যশপ্রীত বুমরাহর (Jaspreet Bumraha) মতো বোলারকেও রেয়াত করেননি তিনি। বুম বুমের এক ওভারে ১৮ রান করে পূর্ণ করেন অর্ধশতক। এই ম্যাচে, ৩৩ বছর বয়সি এই ব্যাটসম্যান ২২ বলে তাঁর আইপিএল কেরিয়ারের ১১তম ফিফটি পূর্ণ করেন। তবে, ম্যাচ চলাকালীন বুমরাহ এবং নায়ারের মধ্যে হালকা তর্ক হয়, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
পাওয়ারপ্লে শেষ হওয়ার পর এই ঘটনাটি ঘটে। দলের ষষ্ঠ ওভার করছিলেন বুমরাহ। এই ওভারে করুণ নায়ার দু’টি ছক্কা, একটি চার এবং দু’টি রানের সাহায্যে ১৮ রান করেন। মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ণ করেন নায়ার। এই ওভার শেষে টাইমআউট হয়েছিল এবং বুমরাহকে করুণ নায়ারকে কিছু বলতে শোনা গিয়েছিল। আসলে, যখন নায়ার শেষ দু’টি রানের জন্য দৌড়াচ্ছিলেন, তখন তিনি বুমরাহর সঙ্গে ধাক্কা খান। বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার এটা হজম করতে পারেননি।
বুমরাহকে বলতে শোনা যায়, “তুমি যেখানে দৌড়েছিলে, সেটা আমার জায়গা।” করুণও এর জবাব দেয়। তবে, হার্দিক পাণ্ডিয়া হস্তক্ষেপ করে দু’জনকে আলাদা করে দেন। তবে, রোহিত শর্মাকে অবশ্য করুণ নায়ারের সঙ্গে অঙ্গভঙ্গির মাধ্যমে রসিকতা করতেও দেখা যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মুম্বইয়ের বিপক্ষে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে আসা করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে এবার অবিশ্বাস্য ফর্ম ছিলেন। গত ঘরোয়া মরসুমে তিনি নয়টি সেঞ্চুরি করেছিলেন। রবিবাসরীয় ম্যাচেও দুরন্ত ফর্মে ছিলেন নায়ার। বুমরাহকেও রেয়াত করেননি। বিশ্বের অন্যতম ত্রাস এই ফাস্ট বোলারের বিরুদ্ধে মোট নয়টি বল খেলে ২৬ রান করেন। এর ফলে, তিনি আইপিএলে বুমরাহর বিরুদ্ধে সর্বোচ্চ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে উঠলেন। ২০১৬ সালে, শিখর ধাওয়ান বুমরাহর বিপক্ষে ১৬ বলে ২৭ রান করেছিলেন।