
শেষ আপডেট: 14 March 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের আধিপত্য ফের দেখা গেল। তারা এই নিয়ে ৪২ বার রঞ্জি চ্যাম্পিয়ন হল। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ফাইনাল ম্যাচে ১৬৯ রানে হারিয়ে দিয়েছে বিদর্ভকে।
দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে ম্যাচ জিততে হলে করতে হতো ৫৩৮ রান। বিনিময়ে তারা ৩৬৮ রানে অলআউট হয়ে গিয়েছে। মুম্বই দলের হয়ে তনুষ কোটিয়ান চার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন তুষার দেশপাণ্ডে (২/৫৩) এবং মুশির খান (২/৪৮)।
সর্বভারতীয় স্তরে মুম্বই কেন সিংহ, সেটি তারা দিনের পর দিন দেখিয়ে আসছে। কেন মুম্বইকে ক্রিকেটের পীঠস্থান বলা হয়, সেটি বারবারেই বোঝা গিয়েছে। সেই পলি উমরিগড়, ভিন্নু মানকাদের আমল থেকে শুরু করে সুনীল গাভাসকার, দিলীপ ভেঙসরকারদের সময়, এমনকী শচীন তেন্ডুকারদের সময়তেও একই ঘটনা দেখা গিয়েছে। মাঝে অবশ্য মুম্বই আটবছর খেতাব পায়নি। শেষ ২০১৫-১৬ মরশুমে শেষবার জিতেছিল দল।
বিদর্ভের হয়ে শেষ ইনিংসে দলের অধিনায়ক অক্ষয় ওয়াদকার (১০২) বড় রান করলেও এত বিশাল রান তাড়া করা তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে গিয়েছিল। অক্ষয় ছাড়া বিদর্ভের বলার মতো রান করুণ নায়ার (৭৪), হর্ষ দুবের (৬৫)।
মুম্বইয়ের পক্ষে ব্যাটারদের মধ্যে মুশির খান (১৩৬), শ্রেয়স আইয়ার (৯৫, শ্যামস মুলানিরা (৫০) জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট বিদর্ভের প্রথম ইনিংসে ১০৫ রানে শেষ হয়ে যাওয়াই। ওই বোলিং ইনিংসে মুম্বইয়ের বোলারদের দাপটে পারফরম্যান্সই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেবারও তনুষ, ধবলদের বোলিংয়ে বিপক্ষ দল কুপোকাৎ হয়ে যায়।