
শেষ আপডেট: 27 February 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: এমন ঘটনা দেখেনি ক্রিকেট মাঠ। একটা দলের ১০ এবং ১১ নম্বরধারী ব্যাটার সেঞ্চুরি করে দলকে টানছেন, এমন নজির ক্রিকেট ম্যাচে নেই। পাড়ার মাঠেও এমন ঘটনা সাধারণত দেখা যায় না।
মঙ্গলবার মুম্বই ও বরোদা রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমন বিরল রেকর্ড ঘটেছে। বিকেসি গ্রাউন্ডে বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের ১০ ও ১১ নম্বর ব্যাটার।
দশ নম্বরে ব্যাটিং করতে নামা তনুষ কোটিয়ান ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ১০টি চার ও ৪টি ছক্কার সৌজন্যে ১২৯ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন। ১১ নম্বরে ব্যাট করতে নামা তুষার দেশপান্ডে ৯টি চার ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১২ বলে সেঞ্চুরি করেছেন। তিনি শেষপর্যন্ত ১২৯ বলে ১২৩ রান করে আউট হন। ইনিংসে রয়েছে ১০টি বাউন্ডারি ও ৮টি ছয়।
কাউন্টি ক্রিকেটে অবশ্য এরকম একটি ঘটনা ঘটেছিল। ১৯৪৬ সালে সারের হয়ে বাংলার সুঁটে বন্দ্যোপাধ্যায় (বাংলা ক্রিকেটে সবাই তাঁকে চিনতেন সুঁটে ব্যানার্জি নামে) ও চাঁদু সারোয়াতে দু’জনেই সেঞ্চুরি করেছিলেন দশ ও এগারো নম্বর ব্যাটার হিসেবে। এই ঘটনায় ফের স্মৃতিতে ফিরলেন বাংলার কিংবদন্তি।
তনুষ ও তুষার এই ইনিংসে শেষ উইকেটের জুটিতে যোগ করেন ২৩২ রান। রঞ্জি ট্রফির ইতিহাসে এটি শেষ উইকেটের জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে অজয় শর্মা ও মনিন্দর সিং মিলে দিল্লির হয়ে শেষ উইকেটের জুটিতে আরও বেশি রান করেছিলেন।