
মুম্বই ইন্ডিয়ান্স
শেষ আপডেট: 2 May 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ১১৭ রানের বিরাট ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে হার্দিক পান্ডিয়া ব্রিগেড। যে মুম্বই চলতি আইপিএলের প্রথম দিকে একের পর এক ম্যাচ হারছিল তারাই এখন পরপর ছয় ম্যাচ জিতে সমর্থকদের ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে।
বৃহস্পতিবার জয়পুরে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে মুম্বই। প্রথমে রোহিত শর্মা-রায়ান রিকেলটনের ওপেনিং জুটি ভিত গড়ে দেয়। এরপর সূর্যকুমরা যাদব ও অধিায়ক হার্দিক পান্ডিয়া সেই ভিতের ওপর ইমারত তৈরি করে দলকে পৌঁছে দেন ২১৭ রানে।
এরপর কর্ণ শর্মা এবং ট্রেন্ট বোল্টের বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসকে ১১৭ রানে অলআউট করে দেয়। জশপ্রীত বুমরাহও অবশ্য যোগ্য সঙ্গত করেছেন। এই হারের ফলে রিয়ান পরাগের দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া দ্বিতীয় দলে পরিণত হল। তাদের আগে চেন্নাই সুপার কিংস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল।
বৃহস্পতিবার রাজস্থান হেরেছে ১০০ রানে, যা তাদের দ্বিতীয় বৃহত্তম পরাজয়। এর আগে, ২০২৩ সালে আরসিবি রাজস্থানকে ১১২ রানে পরাজিত করেছিল। একই সঙ্গে, এটি যেকোনও দলের বিরুদ্ধে মুম্বইয়ের তৃতীয় বৃহত্তম জয়। ২০১২ সালের (2012) পর থেকে জয়পুরে (Jaipur) রাজস্থানের বিরুদ্ধে আর জিততে পারেনি মুম্বই। বৃহস্পতিবার সেই খরাও কেটেছে।
টানা ষষ্ঠ জয়ের মাধ্যমে, মুম্বই পয়েন্ট টেবিলের মগডালে উঠে গিয়েছে। ১১টি ম্যাচের মধ্যে সাতটি জয়ের পর তাদের পয়েন্ট ১৪ পয়েন্ট ও নেট রান রেট ১.২৭৪। এদিকে ছয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে রাজস্থান। তাদের নেট রান রেট -০.৭৮০।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি। ১০টির মধ্যে সাতটি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট আরসিবির, নেট রান রেট ০.৫২১। ১৩ পয়েন্ট নিয়ে পাঞ্জাব তৃতীয় স্থানে এবং ১২ পয়েন্ট নিয়ে গুজরাট দ্বিতীয় স্থানে।