
সর্বকালের সেরা অ্যাথলিট।
শেষ আপডেট: 2 August 2024 15:13
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে যত খেলার ইভেন্ট আছে, তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানের এবং মর্যাদার ইভেন্টের নাম অলিম্পিক্স। এ কথা বলাই বাহুল্য। অলিম্পিকে পদক জয় করা তো দূরের কথা, কেবল ইভেন্টে খেলার জন্য যোগ্যতা অর্জন করতেই দরকার হয় বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম ও অনুশীলন। সারা বিশ্বেই এই ইভেন্টকে লক্ষ্য করে অনেক অল্প বয়স থেকে প্রশিক্ষণ শুরু করেন খেলোয়াড়রা। এই দুর্দান্ত আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে খেলার জগতে নিজেকে উৎসর্গ করেন তাঁরা।
এই অলিম্পিকের দুনিয়ায় নিত্য গড়ে রেকর্ড, নিত্য ভাঙেও তা। একের পর এক সর্বোচ্চ কৃতিত্বকে ছাপিয়ে যেতে থাকেন একের পর এক ক্রীড়াবিদ। এমনই একজন অলিম্পিয়ান রয়েছেন, যিনি সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে ২৮টি অলিম্পিকের পদক ভরেছেন নিজের ঝুলিতে এবং সেরা অলিম্পিয়ানের খেতাবও অর্জন করেছেন। তিনি আর কেউ নন, প্রাক্তন মার্কিন সাঁতারু, ৩৯ বছর বয়সি মাইকেল ফেলপ্স।
ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের মধ্যে মাইকেল একজন উজ্জ্বল তারকা। আন্তর্জাতিক লম্বা সাঁতারের প্রতিযোগিতায় এ পর্যন্ত ৮২টি পদক সংগ্রহ করেছেন তিনি। তার মধ্যে রয়েছে ৬৫টি সোনা, ১৪টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ পদক। সর্বকালের সেরা এই অলিম্পিয়ানের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন জিমন্যাস্ট লারিসা লাতিনিনা, যাঁর ঝুলিতে ১৮টি অলিম্পিক পদক রয়েছে।

মাত্র ১৫ বছর বয়সে, ২০০০ সালের সিডনি অলিম্পিক্সে আত্মপ্রকাশ করেছিলেন মাইকেল ফেলপ্স। ২০০ মিটার বাটারফ্লাই সাঁতারে পঞ্চম স্থান অধিকার করেন তিনি। তবে এর পরের চারটে বছর এমনই তৈরি করেছিলেন নিজেকে, যে ২০০৪ সালের এথেন্স অলিম্পিক্সে তিনি ছ'টি সোনা এবং দু'টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন! এর পরে ২৩ বছর বয়সে, ২০০৮ বেজিং অলিম্পিক্সে মোট ৮টি স্বর্ণপদক অর্জন করে কিংবদন্তি হয়ে উঠেছিলেন ফেলপ্স।
এর পরে ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ফেলপ্স তাঁর সংগ্রহে চারটে সোনা এবং দু'টি রুপোর পদক যোগ করেন। রিও ডি জেনেইরোতে ২০১৬ সালে পাঁচটি সোনা এবং একটি রুপো দিয়ে অলিম্পিক কেরিয়ার শেষ করেছিলেন মাইকেল ফেলপ্স।

তথ্য বলছে, ফেলপ্স যত পুরস্কার পেয়েছেন, অর্থের হিসেবে তাঁর মূল্য আনুমানিক ৮৩৭ কোটি টাকা। এমনকি অবসর নেওয়ার পরেও, ফেলপ্স প্রতি বছর প্রায় ১০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৮৩ কোটি টাকা উপার্জন করে চলেছেন বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে। ওমেগা, সাবওয়ে, ভিসা এবং আন্ডার আর্মারের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।