
মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি বেঙ্গালুরু এফসি
শেষ আপডেট: 12 April 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: লিগ শিল্ড ইতিমধ্যেই ঘরে এসেছে। সেমিফাইনালের প্রথম লেগে হারের ধাক্কা সামলে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সবুজ-মেরুনের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরশুমের ফাইনাল আজ, শনিবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। লিগ শিল্ড জয়ের পর সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে পৌঁছেছে মোহনবাগান। অন্যদিকে, প্লে-অফে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছে বেঙ্গালুরু এফসি।
সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে হারলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সবুজ-মেরুন শিবির। লিগ পর্বে অসাধারণ পারফরম্যান্স করে ২৪টি ম্যাচে ১৭টি জয়, ৫টি ড্র এবং মাত্র ২টি পরাজয় নিয়ে মোট ৫৬ পয়েন্ট অর্জন করে তারা।
বেঙ্গালুরু এফসি লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকে নক-আউটে ওঠে। প্রথমে মুম্বই সিটিকে হারিয়ে ও পরে সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। বেঙ্গালুরু ২৪টি ম্যাচে ১১টি জিতেছে, ৫টি ড্র করেছে এবং হেরেছে ৮টি। তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।
আজকের ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচটি। স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ৩ এইচডি, স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি-তে চলবে সম্প্রচার। অনলাইনে জিও সিনেমা অ্যাপে ও ওয়েবসাইটে খেলা দেখা যাবে একেবারে বিনামূল্যে।
ঘরের মাঠে ফাইনাল খেলছে মোহনবাগান। সেই কারণে তাদের সমর্থকদের উৎসাহ চরমে। অন্যদিকে বেঙ্গালুরু ফাইনালের আগে টানা বড় দলের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে। তাই আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।