1.jpg)
গত মরশুমে শিল্ড জয়ের পর মোহনবাগান সুপার জায়ান্টের উল্লাস
শেষ আপডেট: 22 February 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: খুব বেশি সময় আর বাকি নেই। মোহনবাগান সুপার জায়ান্ট দলের ISL শিল্ড জয় আপাতত সময়ের অপেক্ষা। শনিবার (২২ ফেব্রুয়ারি) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে এফসি গোয়া। লিগ টেবিলের অঙ্ক এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যদি শনিবাসরীয় ম্যাচে গোয়া হেরে যায়, তাহলেই পরপর ২ বছর মোহনবাগানের ঝুলিতে শিল্ড চলে আসবে। আর সেই অপেক্ষাতেই আপাতত প্রহর গুনছেন মোহনবাগান সমর্থকরা।
প্রসঙ্গত, গোয়া যদি আজ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরে যায়, তাহলে আর কোনওভাবে তারা মোহনবাগানের ৪৯ পয়েন্ট স্পর্শ করতে পারবে না। সেক্ষেত্রে রবিবার যদি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-র বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেড ড্র-ও করে, সেক্ষেত্রে ১ পয়েন্ট ঘরে তারা তুলতে পারবে। সেক্ষেত্রে পয়েন্টস টেবিলে হাফসেঞ্চুরি হাঁকাবে মোহনবাগান। আর তাহলেই কেল্লাফতে।
কিন্তু, কেরালার বিরুদ্ধে যদি এফসি গোয়া জয়লাভ করে? তাহলে হিসেবটা কেমন দাঁড়াবে? সেক্ষেত্রে রবিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে জিততে হবে মোহনবাগানকে। তাহলে তারা ৫২ পয়েন্টে পৌঁছে যাবে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা অবশ্য এত অঙ্কের জটিলতায় যেতে চান না। তাঁর স্পষ্ট নির্দেশ - রবিবারের ম্যাচে ওড়িশাকে হারাও, আর লিগ শিল্ড ঘরে নিয়ে এসো। সেকারণে দলের অনুশীলনেও বিন্দুমাত্র ঢিলেমি দিতে চান না তিনি।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি আইএসএল লিগ টেবিলে মোহনবাগান ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে এফসি গোয়া। তারা অবশ্য এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট সংগ্রহ করেছে। দুটো দলের মধ্যে ইতিমধ্যেই ১০ পয়েন্টের পার্থক্য রয়েছে। অর্থাৎ, শনিবারের ম্যাচে যদি গোয়া হেরে যায়, তাহলে মোহনবাগানে পয়েন্ট তারা কখনই স্পর্শ করতে পারবে না। এই পরিস্থিতিতে মেরিনার্সদের লিগ শিল্ড জয় যে নিশ্চিত হয়ে যাবে, তা বলাই বাহুল্য।