.jpg)
মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা
শেষ আপডেট: 16 February 2025 12:59
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (১৫ ফেব্রুয়ারি) কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসি-কে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ফলাফলে যারপরনাই খুশি মোহনবাগান কোচ হোসে মলিনা।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন জেমি ম্য়াকলারেন। এই অজি ফরোয়ার্ডের জোড়া গোলে হাফটাইমের আগেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। এরপর দ্বিতীয়ার্ধে দলের স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্তো রডরিগসের গোলে কেরালার কফিনে শেষ পেরেক পুঁতে দেয় মেরিনার্সরা। চলতি আইএসএল টুর্নামেন্টে এই নিয়ে পঞ্চম গোল করলেন রডরিগস। মোহনবাগান আপাতত ২১ ম্য়াচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে দাঁড়িয়ে রয়েছে।
শনিবারের ম্যাচে একাধিক আক্রমণের সুযোগ তৈরি করেছিল মেরিনার্সরা। সৌজন্যে দলের ফরোয়ার্ড ব্রিগেড। ফরোয়ার্ড লাইনকে লিড করছিলেন ম্য়াকলারেন। মনবীর সিং এবং লিস্টন কোলাসো দুটো উইং সামলাচ্ছিলেন। আর বল ডিস্ট্রিবিউশন এবং লিঙ্ক-ম্য়ান হিসেবে নাবিকের ভূমিকা পালন করছিলেন জেসন কামিন্স।
আর এই অ্য়াওয়ে ম্য়াচে ৩-০ ব্যবধানে জয়ের পাশাপাশি লিগ শিল্ড জয় থেকে মাত্র এক কদম দুরে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান। আইএসএল ইতিহাসে প্রথম দল হিসেবে লিগ শিল্ড ডিফেন্ড করতে চলেছে মেরিনার্সরা।
কেরালার বিরুদ্ধে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে যারপরনাই খুশি মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা। তবে তিনি দলের ফুটবলারদের একথাও মনে করিয়ে দিয়েছেন যে কাজ এখনও শেষ হয়নি। এই জয়ের ধারাবাহিকতা যেন পরের ম্য়াচেও বজায় থাকে। প্রসঙ্গত, আগামী ম্য়াচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। এই ম্য়াচ জিতলে লিগ শিল্ড তো বাগানের ঝুলিতে আসবেই। তবে আগামী শনিবার যদি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এফসি গোয়া হেরে যায়, তাহলে রসগোল্লা ডার্বির আগেই বাগানের স্বপ্ন পূরণ হবে।
ম্যাাচের পর সাংবাদিক বৈঠক করতে এসে মলিনা বললেন, 'আমরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছি। আজ তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করতে পারলাম। পাশাপাশি লিগ শিল্ড জয়ের আরও একধাপ কাছে পৌঁছে গিয়েছি। এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আরও কঠোর পরিশ্রম করতে হবে। এখন কাজটা শেষ হয়নি।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আজ রাতে আমরা এই জয় উদযাপন করব। তবে আগামীকাল (রবিবার) থেকেই ওড়িশা ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু হয়ে যাবে। এই ম্য়াচটা কলকাতায় খেলা হবে। আবারও জেতার চেষ্টা করব। এই ম্য়াাচটাই আমাদের লিগ শিল্ড এনে দিতে পারে। নিজেদের কাজে আরও বেশি করে মনোযোগ দিতে হবে। পরের ম্য়াচটা জেতার চেষ্টা করতে হবে।'