3.jpg)
মোহনবাগান সুপার জায়ান্ট
শেষ আপডেট: 5 February 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: শেষ হল মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসি ম্যাচের প্রথমার্ধ। বুধবার (৫ ফেব্রুয়ারি) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয়েছে। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে খেলা চলাকালীন গুরুতর চোট পেয়েছেন বাগানের তারকা ফুটবলার সাহাল আবদুল সামাদ। শেষপর্যন্ত তিনি মাঠ ছাড়তে বাধ্য হলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফলাফল বদল হয় কি না, সেটাই আপাতত দেখার।
চোট সমস্যায় আগেও ভুগতে হয়েছিল সাহালকে। আবারও তিনি সেই একই রোগের শিকার হলেন। ম্যাচের ৩৮ মিনিটে বল দখলের লড়াই করতে নেমে চোট পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, হ্যামস্ট্রিং পেশিতে নাকি চোট লেগেছে। আশঙ্কা করা হচ্ছে, এই চোটের কারণে কয়েক সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। যেহেতু চোটের কারণে আপাতত অনিরুদ্ধ থাপাকে পাচ্ছেন না হোসে মলিনা। সেকারণেই সাহালের চোট আরও চিন্তা বাড়াচ্ছে। তাঁর পরিবর্তে মাঠে নেমেছেন অভিষেক সূর্যবংশী।
এবার ম্যাচের কথায় আসা যাক। পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নেমেছে পঞ্জাব এফসি। সেকারণে লিস্টন এবং মনবীর সিং বেশ কয়েকটা সুযোগ তৈরি করার চেষ্টা করলেও, শেষপর্যন্ত গোলের দরজা খুলতে পারেননি। যদিও মাঝমাঠে বল দখলের লড়াইয়ে মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে। ৫৮ শতাংশ বল তারা নিজেদের দখলে রাখতে পেরেছিল। তবে বাঁ-দিকের তুলনায় ডানদিক থেকে বাগানের আক্রমণ অনেকটাই ফিকে লেগেছে।
ম্যাচের ৯ মিনিটে একটা দারুণ সুযোগ তৈরি করেছিলেন বাগানের 'শিল্পী' ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু, তাঁর ডান পায়ের শট অল্পের জন্য বাঁচিয়ে দিলেন পঞ্জাবের গোলকিপার রবি কুমার। ৩৩ মিনিটে আরও একটা সুযোগ তৈরি করেছিলেন বাগানের এই স্কটিশ ফুটবলার। কিন্তু, সেটাও ব্লক হয়ে যায়। এছাড়া আর সেভাবে কোনও আক্রমণ দানা বাঁধতে পারেনি। যদি মোহনবাগান এই ম্যাচ থেকে ১ পয়েন্টও সংগ্রহ করতে পারে, তাহলেই টপ সিক্সে তারা কোয়ালিফাই করতে পারবে।