
শেষ আপডেট: 20 December 2023 22:14
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে বরাবর শক্ত গাঁট মুম্বই সিটি এফসি। তাদের এখনও হারাতে পারেনি সবুজ মেরুন শিবির। এবারও বুধবার অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান ১-২ গোলে হারল মুম্বই দলের কাছে। ম্যাচে মোট পাঁচটি লাল কার্ড হয়েছে। তার মধ্যে মোহনবাগানের দেখেছে দু’জন। আশিস রাই ও লিস্টন কোলাসোকে কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন রেফারি। বিপক্ষ দলের লাল কার্ড দেখেন তিনজন তারকা, তাঁরা হলেন আশিস মিশ্র, গ্রেগ স্টুয়ার্ট এবং বিক্রম প্রতাপ সিং।
ম্যাচে মোহনবাগান প্রথমে গোল করে এগিয়ে যায়। খেলার ২৫ মিনিটের মাথায় জেসন কামিন্স গোল করে এগিয়ে দেন। কিন্তু বাগান রক্ষণের সমস্যা গোল করেও ধরে রাখতে পারছে না। নিজেদের ঘরের মাঠে মুম্বইয়ের হয়ে সমতা ফেরানোর গোল দেন গ্রেগ স্ট্রুয়ার্ট, তিনি গোল করেন বিরতির ঠিক আগে। ব্যবধান বাড়িয়েছেন বিপিন সিং, সেইসময় ম্যাচের বয়স ৭৩ মিনিট। কিন্তু ন’জন হয়ে যাওয়ার পরে বাগান গোল দিয়ে সমতা আনতে পারেনি। রেফারি রাহুল গুপ্ত এই ম্যাচে নায়ক হয়ে গিয়েছেন। তিনটি লাল কার্ড ছাড়াও মোট ৮টি হলুদ কার্ড দেখিয়েছেন তিনি।
মুম্বই এদিন জয় পাওয়ায় ভাল জায়গায় চলে গেল। মোহনবাগানের পয়েন্ট সেই ১৯-এই আটকে থাকল। তারা তিনেই থাকল। ম্যাচে রেফারি কড়া হাতে যেমন খেলিয়েছেন, তেমনি মোট ১৫ মিনিট অতিরিক্ত সময়ও দিয়েছেন। তাতেও বাগান গোল করে ম্যাচ বাঁচাতে পারেনি।
মোহনবাগান এই প্রথম হারের মুখ দেখল। কিন্তু এটাও ঠিক, তারা মুম্বই দলটিকে আগে হারাতে পারেনি। নয় হেরেছে, নয় ড্র করেছে। এদিনও বাগান কোচ ম্যাচে অনেক পরীক্ষা করেছিলেন, কিন্তু আসল কাজ হয়নি। কামিন্স বিশ্বকাপার হতে পারেন, এখনও ভরসা করার মতো খেলেননি। দিমিত্রি পেত্রাতোসকে পুরো ছন্দে না পাওয়া গেলে এই দলের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। কারণ ম্যারাথন লিগে বারবার সমস্যায় পড়তে হবে দলকে।
চোটের জন্য সাহাল, কুরুনিয়ান ও আনোয়ার নেই। সেই জন্যই কোচ আরও সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। তিনি আক্রমণ নির্ভর ফুটবল খেলেও বিপদে পড়ে গিয়েছেন। ম্যাচে সেটি দেখাও গিয়েছে বারবার। রেফারি নিয়ে বাগান শিবির ক্ষুব্ধ। তারা চিঠি দেবে ফেডারেশনকে।