
শেষ আপডেট: 23 December 2023 23:00
দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে মুম্বই সিটির বিরুদ্ধে হেরে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস। এবার ঘরের মাঠে আইএসএলে এফসি গোয়ার কাছে ১-৪ গোলে চূর্ণ হল সবুজ মেরুন দল।
একেবারে হতশ্রী ফুটবল খেলেছে দল। টানা দু’ম্যাচ হেরে অনেকটাই সমস্যায় পড়ে গেল জুয়ান ফেরান্দোর কোচিংয়ে থাকা দল।
বিরতির আগেই মোহনবাগান ১-৩ গোলে পিছিয়ে ছিল। ভাবা গিয়েছিল দ্বিতীয়ার্ধে নিজেদের সমর্থকদের সামনে দারুণ ফুটবল খেলে সমতায় ফিরবে, কিংবা জয় পাবে। তা তো হলই না, খেলা শেষের কিছু আগে ফের গোল খেয়ে চূর্ণ হলেন কামিন্স, দিমিত্রিরা। সবুজ মেরুন দলের হয়ে ফ্রিকিক থেকে ব্যবধান কমিয়েছেন দিমিত্রি।
আইএসএলে ফার্স্ট বয় এফসি গোয়া, তাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ছিলেন মোহনবাগান কোচ ফেরান্দো। কিন্তু দলের রক্ষণভাগ ভাল নয়,সেটি ম্যাচে বারবার বোঝা গিয়েছে। তিনট গোলই কমজোরি রক্ষণের জন্য হয়েছে। বাগান কোচ বলেছিলেন, এই ম্যাচে তাঁর কার্ড সমস্যা ও চোট তেমন প্রভাব ফেলবে না। কার্যত সেটি ভুল প্রমাণিত হয়েছে।
এই জয়ের পরিপ্রেক্ষিতে গোয়া নয় ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে একনম্বরেই থাকল। আর বাগান ১৯ পয়েন্ট নিয়ে চারে চলে গেল তালিকায়। তারাও নয়টি ম্যাচই খেলে ফেলেছে। এই ম্যাচে মোহনবাগান পায়নি আশিস রাই, লিস্টন কোলাসো ও রক্ষণের হেক্টরকে, সেটাই ম্যাচে পার্থক্য হয়ে গিয়েছে। তারপর প্রাক মরশুম কোনও পরিকল্পনা ছিল না সবুজ মেরুন দলের। রিজার্ভ বেঞ্চের দিকে নজর দেননি স্প্যানিশ কোচ, যা হওয়ার তাই হচ্ছে।
খেলার শুরুতেই গোল হজম করে সবুজ মেরুন দল। পেনাল্টি থেকে গোয়ার পক্ষে গোল দিয়েছেন নোয়াও ওয়াইল। এই পেনাল্টি নিয়েও ক্ষোভ রয়েছে সমর্থকদের। কিন্তু দলের খেলার মধ্যে সৃজনশীলতার অভাব প্রতিপদে টের পাওয়া গিয়েছে। মাঝমাঠের সঙ্গে আক্রমণের কোনও যোগসূত্র নেই। কোচ বারবার ফুটবলার বদলে সমঝোতা নষ্ট করছেন বলে অভিযোগ সমর্থকদের।
বাগানের প্রথম গোল খাওয়ার ক্ষেত্রে মনবীর সিংহের হাতে বল লেগেছিল। সহকারী রেফারির সঙ্গে আলোচনার পরে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। গোয়াকে অ্যাডভান্টেজ দেওয়া হলে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন নোয়া। বাগান গোলরক্ষক সঠিক অনুমান করে ডানদিকে ঝাঁপালেও আটকাতে পারেননি।
গোয়ার দ্বিতীয় গোলটির ক্ষেত্রে কোনও বিতর্ক নেই। মোহনবাগান রক্ষণ ভাগ বুঝতেই পারেনি গোলটির ক্ষেত্রে। ব্র্যান্ডন ফার্নান্ডেজের সৌজন্যে মুভ তৈরি হয়। ভিক্টর রডরিগজের অনবদ্য গোল। ৪২ মিনিটে এফসি গোয়া ২-০ এগিয়ে যাওয়ার পর রাস্তা আরও কঠিন হয় মোহনবাগানের। নোয়া তারপর বিরতির কিছু আগে ফের গোল করেন। ম্যাচের একেবারে শেষেও গোয়ার পক্ষে পেনাল্টিতে গোল করে ব্যবধান ৪-১ করেছেন কার্লোস মার্টিনেজ।