
ফাইল চিত্র
শেষ আপডেট: 31 March 2024 22:03
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ খেলতে নামার আগে পয়েন্ট তালিকায় ১১ নম্বরে ছিল চেন্নাই। মোহনবাগান সমর্থকরা ভেবেছিল হাসতে হাসতে ম্যাচ জেতা যাবে। কিন্তু ৯০ মিনিট শেষে তাঁরা হতাশ। ৩-২ গোলে ম্যাচ জিতে যুবভারতীকে চুপ করিয়ে দিল চেন্নাইয়েন এফসি। সঙ্গে সঙ্গে পয়েন্ট তালিকায় অনেকটা ওপরে চলে এল তাঁরা। এদিকে আইএসএলের লড়াইয়ে চাপ বাড়ল সবুজ-মেরুনের।
রবিবারের ম্যাচ জিতলে এক লীগ তালিকায় এক নম্বরে চলে আসত মোহনবাগান এসজি। কিন্তু এই হারের পরে শীর্ষে থাকলে মুম্বই সিটিই। তাদের ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট। মোহনবাগানের ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট। বলাই যায়, লীগ শিল্ড জেতার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়ল হাবাসের ছেলেরা।
চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গেছিল বাগান। গোল করেন জনি কাউকো। কিন্তু দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ের হয়ে সেই গোল শোধ দেন জর্ডান মারে। কিছুক্ষণের মধ্যেই রায়ান এডওয়ার্ডসের গোলে ২-১ লিড নিয়ে নিয়েছিল চেন্নাই। কিন্তু ইনজুরি টাইমের কিছু আগে পেনাল্টি পায় মোহনবাগান এসজি। সেখান থেকে গোল করতে ভোলেননি পেট্রাটস। তবে সেই পেনাল্টি কতটা ন্যায্য ছিল তা নিয়ে তর্ক চলতে পারে।
২-২ হয়ে যাওয়ার পর সকলে ভেবে নিয়েছিল যে ম্যাচ ড্র হচ্ছে। বাগান সমর্থকরা এমনিতেই হতাশ হয়ে পড়েছিল। কারণ লীগ টেবিলের শীর্ষে ওঠা হচ্ছিল না। কিন্তু যুবভারতীকে একদম স্তব্ধ করে দেন চেন্নাইয়ের ইরফান ইয়াদওয়াদের। তাঁর গোলেই ৩-২ ম্যাচ জেতে তাঁরা। শেষ মুহূর্তে চেন্নাইয়ের গোলকিপার দেবজিৎ মজুমদার দু’টি গুরুত্বপূর্ণ সেভ না করলে ম্যাচের ফল অন্য হতেই পারত।