
শেষ আপডেট: 10 February 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপে ব্যর্থতার পরে মোহনবাগান কিছুটা হলেও দমে গিয়েছে। শেষ ম্যাচে অবশ্য আইএসএলে পিছিয়ে পড়েও ড্র করেছে ইস্টবেঙ্গলের বিপক্ষে। শেষ সময়ে দিমিত্রি পেত্রাতোসের ওই গোলই অক্সিজেন সবুজ মেরুন শিবিরের কাছে।
শনিবার যুবভারতীতে আইএসএলের লাস্ট বয় হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচ রয়েছে। সবদিক থেকে এই ম্যাচে ফেভারিট হাবাসের বাগান শিবির। কিন্তু অঘটন আজও ঘটে, এই বার্তা সামনে রেখে মোহন ব্রিগেড তৈরি। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচ জিতে চাঙ্গা ছিল মোহনবাগান। তারপর টানা তিন ম্যাচ হারের পরেই কোচ জুয়ান ফেরান্দোর বিদায়। আগমণ হাবাসের।
হায়দরাবাদ ১৩ ম্যাচে একটাও জয় পায়নি। তাদের দলের আর্থিক অবস্থা ভাল নয়, তাই বহু নামী তারকা লোনে অন্য দলে নাম লিখিয়েছেন। সেই দলের বিরুদ্ধে নামার আগে মোহন কোচ সতর্ক। তিনি চান না পচা শামুকে পা না কাটে!
হাবাস ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন, ‘হায়দরাবাদ ম্যাচ আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। ওরা ভাল দল। হালকাভাবে নেওয়ার ব্যাপারই নেই। প্রতিটা ম্যাচের মতো এবারও আমরা তিন পয়েন্টের লক্ষ্যে নামব। আমি জানি, দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আত্মবিশ্বাসের অভাব রয়েছে ফুটবলারদের মধ্যে। তবুও আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে।’
হায়দরাবাদ ম্যাচে মোহন শিবিরের সমস্যা চোট এবং কার্ড। কার্ডের জন্য নেই লিস্টন কোলাসো, দীপক টাংরি এবং আর্মান্দো সাদিকু। চোট রয়েছে ব্রেন্ডন হ্যামিল এবং আনোয়ার আলির। তবে আশিস রাই চোট কাটিয়ে প্রস্তুতি করেছেন। কোচ অবশ্য অকুতোভয়, তিনি জানিয়েছেন, ‘কে আছে, কে নেই ভেবে লাভ নেই। ঘরের মাঠে সুবিধে নিয়ে আমাদের ম্যাচ জিততে হবে।’