
শেষ আপডেট: 13 February 2024 20:15
দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান। একটা সময় টানা তিন ম্যাচে হারতে হয়েছিল। দলের কোচ ছিলেন সেইসময় জুয়ান ফেরান্দো। হাবাস এসে দলকে বদলে দিয়েছেন। গত ম্যাচে জয়ের পরে ছন্দের খোঁজে সবুজ মেরুন শিবির।
বুধবার আইএসএলে মারগাওতে এফসি গোয়ার বিরুদ্ধে নামছে হাবাসের ছেলেরা। ইতিমধ্যেই হুগো বুমোসকে ছেঁটে ফেলেছে দল পরিচালকমণ্ডলী। দলে যোগ দিয়েছেন ফিনল্যান্ডের ইউরো কাপ খেলা তারকা জনি কাউকো।
এফসি গোয়া ম্যাচের আগে আত্মবিশ্বাসী সবুজ মেরুন কোচ হাবাস। তিনি জানিয়ে দিয়েছেন, আমাদের লক্ষ্য পয়েন্ট তালিকার শীর্ষে থাকা। সেই কারণেই বাকি ম্যাচগুলিতে জিততে হবে। ফুটবলে প্রতিদিন পৃথক ফল হতেই পারে। দলকে খেলতে হবে টিম গেম। গোল দেওয়ার অভ্যাস না থাকলে সমস্যার। গুরুত্বপূর্ণ সময়ে গোল দিতে হবে।
জাতীয় শিবির থেকে ফুটবলাররা চলে এসেছেন মোহনবাগানে। কোচ তাই জয়ের বিষয়ে মরিয়া। বুধবারের খেলায় কোচ পাবেন দীপক টাংরি, লিস্টন কোলাসো ও সাদিকুকে। দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি ক্রমে ফিট হয়ে উঠছেন।
তিনি ইস্টবেঙ্গল ম্যাচে ফিরলেও চোটের কারণে আবার মাঠের বাইরে চলে গিয়েছিলাম। গোয়া ম্যাচে তিনি ফিরতে পারেন। কোচ বলে রেখেছেন, আনোয়ার খেলার মতো ফিট কিনা, সেটি বুধবার সকালে দেখে সিদ্ধান্ত নেব।
মোহন শিবিরে সুখবর, একদিকে জাতীয় দলের ফুটবলাররা ফিরে এসেছেন। পাশাপাশি দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্স ছন্দে রয়েছেন। গোল পেতে দলের সমস্যা হবে না।