
শেষ আপডেট: 12 April 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে শিলং লাজংয়ের বিরুদ্ধে জয় পাওয়ার পরেই আই লিগ খেতাব নিশ্চিত হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিংয়ের। তারা সামনের বছর আইএসএল খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে।
কলকাতার বাকি দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল ১৫ কোটি টাকা দিয়ে আইএসএলে খেলার যোগ্যতা পেয়েছে। মহামেডানকে সেই অর্থ দিতে হবে না। তারা মাঠে খেলেই এই যোগ্যতা আদায় করেছে।
মহামেডান এবার বড় উৎসবের প্রস্তুতি শুরু করেছে। শনিবার তারা যুবভারতীতে খেলতে নামবে দিল্লি এফসি-র বিরুদ্ধে। এই ম্যাচে হারলেও মহামেডানের কিছু যাবে আসবে না। ম্যাচে হাজির থাকবেন ফেডারেশন কর্তারা। তাঁদের উপস্থিতিতে দলের হাতে আই লিগ চ্যাম্পিয়নের জন্য ট্রফি তুলে দেওয়া হবে ফুটবলারদের হাতে।
শুক্রবার মহামেডান তাঁবুতে উৎসবের সানাই বাজছে। ইদের উৎসবের আলো আরও বেড়ে গিয়েছে দল এমন কৃতিত্ব অর্জন করায়। দলে দলে সমর্থকরা ক্লাবে আসছেন, কর্তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। সবথেকে বড় কথা, যুবভারতীতে সমর্থকদের বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে।
শনিবার যুবভারতী ভরিয়ে তোলার প্রয়াস নিয়েছেন কর্তারা। ক্লাব সচিব ইশতিয়াক আমেদ বলেছেন, এই মুহূর্তগুলো আমাদের কাছে গর্বের বিষয়। সমর্থকদের কাছেও এই ঘটনা নজিরবিহীন। ফুটবলারদের বিশেষ বাসে মাঠে নিয়ে যাওয়া হবে।
দলের সর্বক্ষণের সঙ্গী ও ম্যানেজার বিলাল আমেদ জানান, আমরা শনিবার জিতেই উৎসব পালন করতে চাই। আইএসএলে যোগ্যতা পাওয়াই লক্ষ্য ছিল আমাদের। সেদিক থেকে সফল আমরা। কলকাতার তিনটি বড় ক্লাব আইএসএলে খেলবে, এরচেয়ে গর্বের মুহূর্ত আর হতে পারে না।