
গোল করার পরে মহামেডান ফুটবলাররা জাস্টিস ফর আরজি কর লেখা জার্সি তুলে ধরলেন।
শেষ আপডেট: 19 August 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে দুরন্ত প্রত্যাবর্তন মহামেডান স্পোর্টিংয়ের। তারা এরিয়ানের বিরুদ্ধে ম্যাচে সোমবার জিতেছে ৪-১ গোলে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইসরাফিল দেওয়ান। বাকি গোলটি করেছেন মহীতোষ রায়।
রবিবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন তিন প্রধান ক্লাবের সমর্থকরা। হাতে হাত ধরে আরজি কর কাণ্ডে নির্যাতিতার খুনিদের বিচার চাইতে নেমেছিলেন। এদিন খেলার মাঠে অভিনব ঘটনা ঘটেছে। মহামেডান গোলের পরেই ফুটবলাররা ‘জাস্টিস ফর আরজি কর’ লেখা জার্সি মেলে ধরেছেন।
এই ঘটনা প্রশংসিত হচ্ছে ময়দানের সর্বত্রই। যুবভারতীতে ডার্বি ম্যাচ বাতিল করে দিয়েছিল পুলিশ প্রশাসন। এদিন মহামেডান ফুটবলাররা এমনভাবে প্রতিবাদ জানাবেন, কেউ ভাবতে পারেননি।
গত দুটি ম্যাচে ড্র করে মহামেডানের সুপার সিক্সে যাওয়া অনিশ্চিত হয়ে গিয়েছিল। এদিন মরণবাঁচন ম্যাচে মহামেডানের জয় দরকার ছিল। তারা ভাল খেলে সেই জয় তুলে নিয়েছে। ম্যাচে অবশ্য ২২ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল এরিয়ান। বক্সের বাইরে থেকে দুরন্ত ফ্রি-কিকে গোল করে এরিয়ানকে এগিয়ে দেন পঙ্কজ রায়। বিরতিতে আর সমতা ফেরাতে পারেনি মহামেডান।
খেলার দ্বিতীয়ার্ধে মহামেডানের একটি বদলই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। কোচ হাকিম নামান মহীতোষকে, তিনি নেমেই গোল করেছেন বাঁ-পায়ের দুরন্ত প্লেসিংয়ে।
৬০ মিনিটে এগিয়ে যায় মহমেডান। জোসেফের কর্নার থেকে হেডে গোল করে মহমেডানকে এগিয়ে দেন ইসরাফিল দেওয়ান। তারপরে মহামেডান আক্রমণের বহর বাড়ায়। ম্যাচের ইনজুরি টাইমে মহীতোষের সেন্টার থেকে ফ্লাইং হেডে গোল করে ৩–১ করেন ইসরাফিল। কয়েক মিনিট পরেই তাঁর গোলেই ৪–১। হ্যাটট্রিক পূর্ণ করেন মহমেডানের এই তরুণ স্ট্রাইকার।
মহামেডান লিগে এখনও পর্যন্ত মোট ২১টি গোল করেছে, তারমধ্যে ইসরাফিলের ৮টি গোল। ১০ ম্যাচে মহমেডানের পয়েন্ট ১৮। একই পয়েন্ট ইউনাইটেড স্পোর্টসেরও। গোল পার্থক্যে অবশ্য মহামেডান তিনে রয়েছে।