দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জেতা হয়নি। তবে যদি হত, তাহলে সেই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব যে তাঁর হত, সেকথা বলে দিতে হয় না। ভারত কাপ না জিততে পারলেও একের পর এক উইকেট নিয়ে দুরন্ত পারফরমেন্সে সমর্থকদের মন তো নিশ্চিতভাবেই জিতে নিয়েছেন মহম্মদ শামি। এবার তাঁর এমন এক কাজের কথা প্রকাশ্যে এল, যাতে ভারতীয় দলের এই বোলারের প্রতি শ্রদ্ধায় মানুষের মাথা আপনা থেকেই নত হয়ে আসছে। পাহাড় থেকে খাদে গড়িয়ে পড়া গাড়ি থেকে একজনকে উদ্ধার করেছেন শামি। সেই ভিডিও তিনি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি যদিও এখনকার নয়। শামি সেই সময় নৈনিতালে ঘুরতে গিয়েছিলেন। তখনই চোখের সামনে বীভৎস দুর্ঘটনা ঘটতে দেখেছিলেন তিনি। তাঁর গাড়ির সামনে দিয়ে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ে গিয়েছিল রাস্তার পাশের খাদে। সময় নষ্ট না করে গাড়ির ভিতরে থাকা আরোহীকে উদ্ধার করতে ছুটে যান শামি। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন আরও কয়েকজন। সকলের সম্মিলিত চেষ্টায় গড়িয়ে পড়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় একজনকে।
ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে শামি লিখেছেন, "উনি অত্যন্ত ভাগ্যবান ভগবান ওঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন। ওঁর গাড়িটি নৈনিতালের কাছে আমার গাড়ির সামনেই পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে পড়ে গিয়েছিল। আমরা ওঁকে নিরাপদেই বের করে আনতে পেরেছিলাম।"
এর আগে একাধিকবার খারাপ পারফরম্যান্সের সময় ধর্ম তুলে আক্রমণ করা হয়েছে ভারতীয় দলের এই প্রতিভাবান ক্রিকেটারকে। সেই নিয়ে নেটিজনদের একাংশ শামির পাশেই দাঁড়িয়েছেন। তাঁর সাম্প্রতিক এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তাঁকে এমন কাজের জন্য কুর্নিশ জানিয়েছেন। সকলের একটাই বক্তব্য, "একটাই তো মন, আর কতবার জিতবেন!"
শামি বরাবরই অত্যন্ত বিনয়ী। শান্ত স্বভাবের এই ক্রীড়াবিদকে ব্যক্তিগত জীবনের উথাল পাথাল সময়ে যেমন ভেঙে পড়তে দেখা যায়নি তেমন পেশাগত জীবনে সাফল্য এলেও উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি একটি ইন্টারভিউতে নিজেকে মাটির মানুষ বলে দাবি করেছেন ভারতীয় দলের এই পেসার। "খেতো সে হি আয়ি হুঁ," দাবি তাঁর। নিজের গাড়িপ্রেমের কথাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শামি জানিয়েছেন, তিনি বাইক এবং সাধারণ চারচাকা গাড়ি চালিয়েছেন তো বটেই, তার পাশাপাশি ট্রাক্টর, বাস, এমনকী ট্রাকও চালিয়েছেন। সেই নিয়ে বাবার বকাবকিও শুনতে হয়েছে তাঁকে।
"আমি ঘোরাঘুরি করতে মাছ ধরতে ভালবাসি। গাড়ি চালাতেও খুব ভালবাসি। বাইক আর গাড়ি চালাতে খুব ভাল লাগে আমার। কিন্তু ভারতের জন্য খেলা শুরু করার পর থেকে আমি বাইক চালানো বন্ধ করে দিয়েছি। চোট পেলে কী হবে? এখন শুধু হাইওয়েতে বাইক চালাই, কিংবা যখন গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যাই তখন চালাই," জানিয়েছেন শামি।