
ফাইল ছবি
শেষ আপডেট: 16 December 2023 11:17
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন দুই ভারতীয় পেসার। বিশ্বকাপের পরেই চোটের কারণে ভারতীয় দলের বাইরে চলে গিয়েছিলেন মহম্মদ শামি। তবে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে রাখা হয়েছিল তাঁকে। আশঙ্কা ছিল শামির খেলা নিয়ে। সেই আশঙ্কাই সত্যি হল। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকেই গেলেন বাংলার পেসার।
বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন শামি। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে সুযোগ পাননি। তবে সুযোগ পেয়েই তিনি নিজের জাত চিনিয়েছিলেন। প্রায় প্রতি ম্যাচেই উইকেট পেয়েছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শামিই। বিশ্বকাপের সময়ই গোড়ালিতে চোট পান। সেই চোটই এখনও ভোগাচ্ছে তাঁকে।
দক্ষিণ আফ্রিকা সফরে শামিকে টি ২০ এবং ওয়ান ডে সিরিজে রাখা হয়নি। তাঁকে এই দুই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। শামিকে টেস্ট সিরিজে খেলানোর কথা ছিল। কিন্তু এখন চোটের যা পরিস্থিতি সেক্ষেত্রে সাহসপুর এক্সপ্রেস সেই দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন।
দক্ষিণ আফ্রিকা সফর মিটলেই বেজে যাবে টি২০ বিশ্বকাপের দামামা। মাঝে শুধু রয়েছে আইপিএল। তাই বিশ্বকাপে কারা খেলবেন, আর খেলবেন না তা দক্ষিণ আফ্রিকা সফরেই পরখ করে দেখে নেবে নির্বাচকরা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শামিকে টেস্ট খেলানোর ওপরই বেশি জোর দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে সিরিজ থেকে নাম তুলে নিলেন দীপক চাহার। বাবার অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচে খেলেছিলেন চাহার। পঞ্চম ম্যাচে তাঁর খেলার কথা থাকলেও খেলতে পারেননি। অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, পারিবারিক সমস্যার কারণে বাড়িতে ফিরতে হয়েছে চাহারকে। পরে জানা যায়, চাহারের বাবা অসুস্থ। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোনা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ ও ওয়ানডে সিরিজের ভারতীয় স্কোয়াডে চাহারকে রাখা হয়েছে। তবে বাবার অসুস্থতার কথা আগেই চাহার রাহুল দ্রাবিড় এবং নির্বাচকদের জানিয়ে দেন। তাঁকে ছাড়াই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিল। আশা করা হয়েছিল সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন ভারতীয় পেসার। কিন্তু শেষ পর্যন্ত গোটা সফর থেকেই নাম তুলে নিলেন চাহার।