1.jpg)
টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার মহম্মদ সামি
শেষ আপডেট: 12 February 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে সুযোগ হয়নি মহম্মদ সামির। রোহিত শর্মা জানিয়েছেন, বাংলার এই পেস ব্যাটারিকে নাকি বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নাম লিখিয়েছেন আর্শদীপ সিং। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে, চোটের কারণে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট দলে এসেছেন হর্ষিত রানা। এই স্কোয়াডের বাকি দুই পেস বোলার হলেন মহম্মদ সামি এবং আর্শদীপ সিং। এই পরিস্থিতিতে তৃতীয় একদিনের ম্যাচে সামির 'বিশ্রাম' নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি ওয়ানডে সিরিজে মহম্মদ সামির বোলিং একেবারে নজর কাড়তে পারেনি। গত দুটো ম্য়াচে তিনি একটি করে উইকেট শিকার করেছেন। তার উপর ইকোনমি রেটও এমন আহামরি কিছু নয়। এই পরিস্থিতিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামির নাম ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
অন্যদিকে, আর্শদীপ সিংকে এখনও পর্যন্ত এই ওয়ানডে সিরিজে সুযোগ দেওয়া হয়নি। বুধবারই (১২ ফেব্রুয়ারি) প্রথম ম্য়াচ তিনি খেলতে নামবেন। যদিও ইতিপূর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে তিনি টিম ইন্ডিয়ার পেস ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার যদি ৫০ ওভারের ফরম্যাটেও নিজের জ্বলওয়া দেখাতে পারেন, তাহলে সামির জায়গা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে।
কারণ, হর্ষিত এখন একেবারে তরুণ ঘোড়া। টগবগিয়ে দৌড়চ্ছে। প্রথম ম্য়াচে একটু বেশি রান দিয়ে ফেললেও, তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন। পরের ম্য়াচে একটা উইকেট নিলেও, রানের জোয়ারে বাঁধ তুলেছিলেন তিনি। এই অবস্থায় হর্ষিতকে প্রথম একাদশের বাইরে রাখার সাহস হয়ত দেখাবেন না গৌতম গম্ভীর। সবমিলিয়ে গোটা পরিস্থিতি যে বেশি জটিল হয়ে উঠছে, তা বলা যেতেই পারে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, তৃতীয় একদিনের ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। মহম্মদ সামি ছাড়াও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে আরও দুটো পরিবর্তন করা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও। তাঁর পরিবর্তে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া চোটের কারণে এই ম্য়াচে খেলতে পারবেন না বরুণ চক্রবর্তী। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব।