
শেষ আপডেট: 3 November 2023 00:02
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন মহম্মদ শামি। যিনি চলতি আসরের প্রথম চারটি ম্যাচে খেলার সুযোগ পাননি। বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই ম্যাচের সেরা হয়েছেন। তিন ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন।
শুধু তাই নয়, বিশ্বকাপে মোট ৪৫টি উইকেট নিয়ে দেশের সর্বোচ্চ উইকেটের মালিক হলেন। তিনি টপকে গিয়েছেন জাহির খান ও জাভাগল শ্রীনাথকে।
এমনকী শামি তিন ম্যাচেই উইকেট নিয়েছেন তিনটি করে। সেটিও একটি রেকর্ড। এতদিন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে হরভজন সিং পাঁচ উইকেট পেয়েছিলেন তিনবার। শামি পেলেন চারবার। সেদিক থেকে তাঁকেও ছাপিয়ে গিয়েছেন ‘সহেসপুর এক্সপ্রেস’।
মুম্বইতে ম্যাচের সেরা হয়ে শামি বলেছেন, ‘‘আমার জীবনে লড়াইকে আমি অগ্রাধিকার দিয়ে এসেছি। পরিশ্রম যেমন করেছি, পাশাপাশি লক্ষ্যও ঠিক রেখেছিলাম। সেটাই শেষমেশ কাজে দিয়েছে।’’
সাফল্যের রহস্য প্রসঙ্গে বাংলায় খেলা পেসার বলেছেন, ‘‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। সতীর্থরা ভাল পারফর্ম করছে, তাই আমার কাজও সহজ হয়েছে। সাফল্যের কোনও রহস্য নেই। সঠিক লাইন লেংথ বল রাখার চেষ্টা করি। নতুন বলে সুইং বেশি হয়। সে কারণে লাইন লেংথ নিখুঁত রাখা আরও বেশি প্রয়োজন।’’