
শেষ আপডেট: 1 April 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ শুরুর ৪৮ সেকেন্ডের মধ্যেই গোল খেয়ে যায় লিভারপুল। সেইসময় সারা মাঠ স্তব্ধ হয়ে গিয়েছিল। ব্রাইটনের মতো মাঝারিমানের দলের কাছে শুরুতেই গোল হজম করতেই ম্রিয়মাণ হয়ে যান লিভারপুলের সমর্থকরা।
খেলার ২৬ মিনিটের মাথায় লুইজ দিয়াজের গোলে সমতায় ফেরায় জুরগেন ক্লপের দল। ৬৫ মিনিটে লিভারপুলের পক্ষে জয়সূচক গোলটি করেন মহম্মদ সালাহ।
এই জয়ে ২৯ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে এককভাবে শীর্ষে লিভারপুল। ম্যানসিটি-আর্সেনাল ম্যাচ ড্র হওয়ার কারণে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল এবং ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যান সিটি।
ম্যাচের শেষ ১০ মিনিটে ছিল টানটান উত্তেজনা। তবুও ব্রাইটনের বিরুদ্ধে লিভারপুলই শেষ পর্যন্ত জয় পেয়েছে। এই ম্যাচে জুরগেন ক্লপের দলই শীর্ষে। তবে এও ঠিক, ম্যাচে দারুণ লড়াই করেছে ব্রাইটন। ম্যাচটি এককথায় রুদ্ধশ্বাস হয়েছে।
অ্যানফিল্ড স্টেডিয়ামে ৬৫ মিনিটে মহম্মদ সালাহ লিভারপুলের হয়ে যে গোল উপহার দেন, সেটি সাজিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার। সারা ম্যাচে ওই আর্জেন্টাইন তারকার পাস থেকেই যাবতীয় আক্রমণ হয়েছে।