
ম্যাচের শেষে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানাচ্ছে মহম্মদ রিজওয়ান
শেষ আপডেট: 25 February 2025 19:14
দ্য ওয়াল ব্যুরো: এই বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হয়েছে। কিন্তু, টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে আয়োজক দেশ। প্রথমে নিউজিল্যান্ড, তারপর ভারতের বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান। আপাতত পাকিস্তান আপাতত লিগ পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।
যদিও, এই ম্যাচে পাকিস্তান জিতলেও তারা সেমিফাইনালে উঠতে পারবে না। শোনা যাচ্ছে, এই লজ্জার পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট দলে বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। সবার আগে কোপ পড়তে পারে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ানের উপর। যদি রিজওয়ানের থেকে একান্তই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়, তাহলে পাকিস্তান ক্রিকেট দলের আগামী অধিনায়ক কে হতে পারেন? আসুন, দেখে নেওয়া যাক।
এই তালিকায় সবার উপরে রয়েছে সাউদ শাকিলের নাম। পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের সহ অধিনায়ক তিনি। সাউদ যে যথেষ্ট স্মার্ট ক্রিকেটার, তা নিয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি তিনি যথেষ্ট ভাল ব্যাটিং করতে পারেন। যদিও অধিনায়ক হিসেবে তাঁকে এখনও পর্যন্ত পরীক্ষা করা হয়নি। এই পরিস্থিতিতে আগামীদিনে তাঁকে ওয়ানডে ক্রিকেট দলে অধিনায়কের পদে বসানো হয় কি না, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। এখনও পর্যন্ত সাউদ ১৯ ওয়ানডে ম্যাচে ২৭.২ ব্যাটিং গড়ে মোট ৪৭৮ রান করেছেন। পাশাপাশি ১৯ টেস্ট ম্যাচে চিনি ৫০.২৪ গড়ে করেছেন ১,৬৫৮ রান।
পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম বিধ্বংসী ব্যাটার হলেন ফখর জামান। যদিও চোটের কারণে তিনি আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছেন না। বাবর আজমের থেকে যখন অধিনায়কত্ব কেড়ে নেওয়া হল, তখন অনেকেই মনে করেছিলেন যে পাকিস্তান ক্রিকেট দলের আগামী ক্যাপ্টেন হিসেবে তাঁর নাম মনোনয়ন করা হবে। কিন্তু, শেষপর্যন্ত মহম্মদ রিজওয়ানের উপর ভরসা দেখানো হয়। পাকিস্তান ক্রিকেট দলের নিয়মিত সদস্য ফখর। এখনও পর্যন্ত তিনি ৮৬ ওয়ানডে ম্যাচে ৪৬.২২ গড়ে মোট ৩,৬৫১ রান করেছেন। এরমধ্যে ১১ শতরান রয়েছে। সেকারণে যদি রিজওয়ানেক থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়, সেক্ষেত্রে ফখর জামানকে অধিনায়কের সিংহাসনে বসানো হতে পারে।
পাকিস্তান ক্রিকেট দলের সম্ভাব্য ওয়ানডে ক্যাপ্টেনের তালিকায় ইমাম উল হকের নাম হয়েছে। কিন্তু, দলে তিনি এখনও পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি। পাকিস্তান ক্রিকেট দল থেকে তাঁকে বেশ কয়েকবার ছিটকে যেতে হয়েছে। তবে সম্প্রতি ব্যাট হাতে তিনি যথেষ্ট ম্যাচুরিটি দেখিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে খেলার সুযোগও পেয়েছিলেন। কিন্তু, মাত্র ১০ রান করেই তিনি আউট হয়ে যান। বর্তমানে ইমামের বয়স ২৯ বছর। বয়সের কথা মাথায় রেখে তাঁকে অধিনায়ক হিসেবে পরখ করা যেতেই পারে।