
শেষ আপডেট: 4 May 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার। প্রায় ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কেকেআর। কিন্তু এতদিন একেবারেই নিজের মেজাজে ছিলেন না অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী বোলার।
শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জ্বলে উঠলেন মিচেল। তিনি ৩৩ রানে চার উইকেট নেওয়াই নয়, বরং শেষ ওভারে তিন উইকেট নিয়ে মুম্বইকে উপড়ে ফেলেন। এতদিন এই ফর্মেরই হদিশে ছিলেন কেকেআর সমর্থকরা।
ঘরে-বাইরে চাপ বাড়ছিল স্টার্কের। কিন্তু মাঠে স্ত্রী অ্যালিসা হিলি আসতেই মিচেলকে স্বমহিমায় দেখা গিয়েছে। অনেকে বলছেন, লেডি লাক কাজ করে গিয়েছে স্টার্কের ক্ষেত্রে। নিজের শেষ ওভারে মিচেল স্টার্ক যখন আগুনে বোলিং করছেন, তখন টিভি ক্যামেরা বাববার খুঁজছিল তাঁর স্ত্রী অ্যালিসাকে।
নিজের শেষ ওভারের পঞ্চম বলে ইয়র্কার দেন স্টার্ক। সেই ইয়র্কার ছিটকে দেয় জেরাল্ড কোয়েৎজের মিডল স্টাম্প। ওই ট্রেডমার্ক ইয়র্কারই ফের চেনাল মিচেলকে। যিনি নিজেও হতাশায় ছিলেন ফর্ম নিয়ে।
সকলেই প্রশ্ন করছেন, এতদিন আপনি কোথায় ছিলেন অ্যালিসা? আপনি আগে এলেই তো মিচেলের এমন ফর্ম দেখা যেত। হিলিও অস্ট্রেলিয়া মহিলা দলের হয়ে বিশ্বসেরা দলের সদস্যা ছিলেন। স্বামী-স্ত্রীর এই কীর্তি অনন্য।
গত আট ম্যাচে সাত উইকেট পেয়েছিলেন স্টার্ক। চারটি ম্যাচে তিনি উইকেট পাননি। এমনকী একটি ম্যাচে দল থেকে বাদও পড়েন। ম্যাচ জেতানো বোলিংয়ের পরে স্টার্ক জানান, ‘‘আমিই যে শুধু মার খেয়েছি, এমনটা বলা ঠিক নয়। আমার ওপর অগাধ প্রত্যাশা বলে এমনটা বলছেন অনেকেই। তবে আমি চেষ্টা করব সামনের ম্যাচগুলিতেও দলকে এমন সহায়তা করার।’’