
শেষ আপডেট: 1 December 2023 14:07
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় দু'সপ্তাহ পেরোতে চলল। ষষ্ঠবার ট্রফি জিতে তা নিয়ে দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। গোটা টুর্নামেন্টে ভাল খেলে ফাইনালে একেবারে লজ্জাজনকভাবে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে ফাইনাল হেরে ভারত যত না কষ্ট পেয়েছে, তার থেকে বেশি ক্ষুব্ধ হয়েছে ট্রফি নিয়ে অজি খেলোয়াড় মিচেল মার্শের উল্লাসে।
বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে, হাতে পানীয়র বোতল নিয়ে ছবি তুলেছিলেন মিচেল। সেই নিয়েই প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে এতদিন পর সে বিষয়ে মুখ খুললেন অজি ক্রিকেটার নিজেই।
অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে মার্শ জানিয়েছেন, অত কিছু ভেবে তিনি এটি করেননি। তিনি বলেন, "এই ছবিতে আমি অসম্মানের মতো কিছুই খুঁজে পাচ্ছি না। এত কিছু ভেবে এটা করিনি। সোশ্যাল মিডিয়ায় আমার ছবি নিয়ে কী হয়েছে সেই ব্যাপারে বিশেষ ভাবছি না। ছবিটার মধ্যে মাতামাতি করার মতো কিছুই নেই।"
তবে ভারতবাসী সে কথা শুনছেন কই? এদেশের জনগণের একাংশের দাবি, বিশ্বকাপ মাথায় তুলে রাখার জিনিস, আর তার উপরে পা দিয়ে বিশ্রাম করা হচ্ছে। এটা ট্রফির অপমান। এমনকী মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরও হয়েছে।
অজি তারকার নামে উত্তরপ্রদেশের আলিগড়ের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সমাজকর্মী পণ্ডিত কেশব। এখানেই থেমে যাননি তিনি। এরপর আরও এক ধাপ এগিয়ে সেই অভিযোগের প্রতিলিপি পাঠান প্রধানমন্ত্রীর দফতরেও। এরমধ্যে অজি তারকার এই মন্তব্য যে বিতর্কের আগুন আরও বাড়িয়ে দিল সে কথা বলাই যায়।