
শেষ আপডেট: 7 November 2023 16:53
দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে ভারতীয় দল টানা জয়ের মধ্যে রয়েছে। তাদের বিজয়রথ দাপটে এগোচ্ছে। বলা হচ্ছে, ভারতীয় দল চ্যাম্পিয়নের গন্ধ পেয়ে গিয়েছে।
সোমবার রোহিতদের হারানো নিয়ে একটি মজার রেসিপি বলেছিলেন ওয়াসিম আক্রাম। তিনি বলেছিলেন, ভারতীয় দলের ব্যাটার ও বোলাররা যা ছন্দে রয়েছে, তাতে করে ওদের আটকাতে গেলে ব্যাট চুরি করতে হবে। বোলারদের জুতোর স্পাইক খুলে নিতে হবে। না হলে এই দলকে রোখা মুশকিল।
পাক দলের প্রাক্তনরা এইসময়ে আলোচনায় ব্যস্ত ভারতীয় দলের ত্রুটি খুঁজতে। মঙ্গলবার যেমন মিসবা উল হক এক টিভি অনুষ্ঠানে জানিয়েছেন, ভারতীয় দলের গভীরতা রয়েছে। ওদের দলে কোনও সমস্যা নেই। ভারত সেমিফাইনালে একটা কারণেই হারতে পারে, সেটি হল দলের ক্রিকেটারদের অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য।
মিসবা মনে করছেন, ভারতীয় দলকে বেগ দিতে গেলে একটা দু’ওভারের ঝড়ের স্পেল দরকার বিপক্ষ দলের। না হলে এই দলটিকে হারানো যাবে না।
মিসবা মানে পাক দলের সেই নামী ক্রিকেটার, যিনি বেশ কয়েকবার ভারতীয় দলকে একক কৃতিত্বে হারিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই মিসবা বলেন, ‘‘এটা ঠিক, গ্রুপ পর্বে একটি দল যত ভাল খেলে, তত বেশি তাদের উপর প্রত্যাশা চলে আসে সকলের। কিন্তু সেমিফাইনাল সম্পূর্ণ অন্যরকম পরিস্থিতি। এখানে পরিস্থিতি বদলাতে বেশিক্ষণ সময় লাগে না। যে কোনও মুহূর্তে দল সমস্যায় পড়ে যাবে।’’
ওই অনুষ্ঠানে এছাড়াও ছিলেন পাক দলের আরও এক প্রাক্তন তারকা শোয়েব মালিক। তিনি বলেছেন, ‘‘ভারতকে চাপে ফেলতে পারে একমাত্র অস্ট্রেলিয়া। ওদের সঙ্গে সেমিতে দেখা হলে চাপে পড়তে পারে ভারতীয় দল।’’